অ্যাকসেসিবিলিটি লিংক

অকাল বন্যা থেকে ফসল রক্ষায় নতুন প্রকল্প আসছে- পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

বাংলাদেশের পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, অসময়ের বন্যা থেকে ফসল রক্ষায় নতুন প্রকল্প আসছে। বৃহস্পতিবার( ২১ এপ্রিল) সুনামগঞ্জ জেলার, শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, “হাওরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, আগাম বন্যা নিয়ন্ত্রণ ও নৌযান চলাচলের সুবিধার্থে সুনামগঞ্জে দুটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর একটি হলো, নদী খনন। আরেকটি হলো কজওয়ে নির্মাণ। বছরের শেষের দিকে এই দুটি প্রকল্পের কাজ শুরু হতে পারে। এখন এর সমীক্ষার কাজ চলছে।”

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, “আমরা আশা করছি, আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে সুনামগঞ্জে প্রকল্পের কাজ শুরু করতে পারবো। এক হাজার ৫৪৭ কোটি টাকা ব্যয়ে, ১৪টি নদী ও এর সঙ্গে যত সংযোগ খাল রয়েছে, তা খননের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। সমীক্ষার কাজও চলছে। সমীক্ষার প্রতিবেদন আমরা সেপ্টেম্বরের মধ্যে পাবো। এরপর একনেকে তুলে প্রকল্পটা পাস করাবো।”

প্রতিমন্ত্রী জানান, “নদী পথ দিয়ে নৌ চলাচলের জন্য এবং ফসল পরিবহণের জন্যে ৯০টি কজওয়ে রাখা হয়েছে। শুষ্ক মৌসুমে কজওয়ের পয়েন্টগুলো জিও ব্যাগ দিয়ে বন্ধ রাখা হবে। কৃষকের ফসল কাটা শেষ হয়ে গেলে, কজওয়েগুলো খুলে দেয়া হবে। এই দুটি কাজ হলে আগামীতে, আগাম বন্যা মোকাবিলা করতে পারবো “

বাঁধ পরিদর্শনকালে, প্রতিমন্ত্রীর সঙ্গেছিলেন- জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সিলেট পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম, সিলেট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী জহিরুল হক, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।

XS
SM
MD
LG