অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ-নরওয়ে অর্থনৈতিক অংশীদারত্ব আরও সম্প্রসারিত করতে আগ্রহী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানেকিন হুইটফেল্ড
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানেকিন হুইটফেল্ড

বাণিজ্য, বিনিয়োগ ও সামুদ্রিক খাতে সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক অংশীদারত্ব আরও সম্প্রসারিত করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও নরওয়ে।

দুই দেশ বিশেষভাবে অফশোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে।

সোমবার (২৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রবিবার ঢাকা সফররত নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানেকিন হুইটফেল্ডের সঙ্গে বৈঠক করেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশে আসেন।

আলোচনাকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তৈরি পোশাক খাতের নিরাপত্তা ও সবুজ উৎপাদন সুবিধা নির্মাণে নেওয়া পদক্ষেপ সম্পর্কে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানেকিন হুইটফেল্ডকে অবহিত করেছেন।

অ্যানেকিন হুইটফেল্ড জাহাজ ভাঙ্গা শিল্পে আগ্রহ প্রকাশ করেন এবং হংকং কনভেনশন অনুসমর্থনের বিষয়ে বাংলাদেশের পরিকল্পনার বিষয়ে খোঁজ নেন।

আব্দুল মোমেন মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিষয়ে মানবিক সংকটের সংক্ষিপ্ত বিবরণ দেন।

হুইটফেল্ড মানবিক কারণে বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেন এবং মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে রোহিঙ্গাদের অগ্রাধিকারের বিষয়টি স্বীকার করেন।

এর আগে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা করেন।

তারা ইউক্রেনে একটি কার্যকর যুদ্ধবিরতির জন্য অগ্রাধিকারের ওপর জোর দেন এবং মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী পরে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আয়োজিত এক সংবর্ধনায় বক্তব্য দেন।

XS
SM
MD
LG