বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল গৃহহীন মানুষের জন্য ঘর নিশ্চিত করার অঙ্গীকার আবারও পুনর্ব্যক্ত করেছেন।
তিনি বলেন, “আমরা শতভাগ মানুষের জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে পেরেছি। এবার শতভাগ (গৃহহীন) মানুষ ঘর পাবেন। বাংলাদেশে কেউ ভূমিহীন ও আশ্রয়হীন থাকবে না”।
ঈদ উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপের আওতায় সারাদেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে ঘর বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন শেখ হাসিনা।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে আধা-পাকা আবাস বিতরণের উদ্বোধন করেন।আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপের আওতায় এদিন সারা দেশে ৩২ হাজার ৯০৪ গৃহ ও ভূমিহীন পরিবারের কাছে ঘর বিতরণ করা হয়।
শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুরের নগরকান্দা উপজেলা, বরগুনা সদর উপজেলা, সিরাজগঞ্জ সদর উপজেলা এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারটি গুচ্ছ আবাসন স্থানের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
শেখ হাসিনা বলেন, বিশ্বের অন্য কোনো দেশে এমন আবাসন উদ্যোগ নেওয়া হয়েছে কি না তা তিনি জানেন না।
তিনি বলেন, ‘আমার কাছে ক্ষমতা হলো মানুষের সেবা করা এবং মানুষের জন্য কাজ করা। সুতরাং, আজ আমি কাজ করছি যাতে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন বা আশ্রয়হীন না থাকে্”।