ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (৩ মে) দেশের সকল বীর মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা জানিয়েছেন।
অন্য অনুষ্ঠানের মতো, ঈদের দিনও প্রধানমন্ত্রী ঢাকার মোহাম্মদপুর এলাকার গজনবী রোডে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রের মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ফুল, ফল ও মিষ্টান্ন সামগ্রী পাঠিয়ে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু ও সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার-এ-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষে এসব শুভেচ্ছা সামগ্রী বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের হাতে তুলে দেন।
স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পয়লা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবস ও উৎসবে বীর মুক্তিযোদ্ধাদের এভাবে স্মরণ করা এবং তাদের শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা।