জাতিসংঘের শিশু তহবিল, ইউনিসেফ, রিপোর্ট করেছে যে ইউক্রেনের যুদ্ধ শিশুদের উপর বিধ্বংসী প্রভাব ফেলছে, হাজার হাজার শিশুর সামাজিক ও মানসিক যত্নের প্রয়োজন।
দুই মাসেরও বেশি সময় ধরে অবিরত বোমা হামলা এবং শেলিং, খাবারের অভাব, স্কুলে যেতে অক্ষমতা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার অভাবে ইউক্রেনের লক্ষাধিক শিশু ক্ষতির শিকার হয়েছে।
ইউনিসেফ বলছে, এই মনস্তাত্ত্বিক ট্রমা, সাংঘাতিক ভাবে শিশু সুরক্ষা সংকট তৈরি করেছে।
জাতিসংঘের সংস্থাগুলি ৬,৮০০ টিরও বেশি বেসামরিক লোকজনের হতাহতের খবর দিয়েছে, যার মধ্যে ৩,৩০০ জনেরও বেশি নিহত হয়েছে। প্রায় ৭৭ লক্ষ মানুষ ইউক্রেনের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছে এবং আরও ৫৭ লক্ষেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় চেয়েছে, এদের মধ্যে ইউক্রেনের শিশুদের প্রায় দুই-তৃতীয়াংশ রয়েছে ।
রাশিয়া ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করার আগে, ৯০,০০০ এরও বেশি শিশু , বিভিন্ন প্রতিষ্ঠান, অনাথাশ্রম , বোর্ডিং স্কুল এবং অন্যান্য সুবিধাজনক প্রতিষ্ঠানগুলোতে বাস করত — তাদের প্রায় অর্ধেকই প্রতিবন্ধী শিশু।
পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ থেকে, ইউরোপ এবং মধ্য এশিয়া অঞ্চলের জন্য ইউনিসেফের আঞ্চলিক শিশু সুরক্ষা উপদেষ্টা অ্যারন গ্রিনবার্গ বলেছেন, হাজার হাজার শিশুকে পরিবারে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দুর্ভাগ্যবশত, অনেক শিশু তাদের প্রয়োজনীয় যত্ন ও সুরক্ষা পাচ্ছে না, বিশেষ করে প্রতিবন্ধী শিশুরা।
তিনি বলেন, “যুদ্ধ সমস্ত শিশুর মনস্তাত্ত্বিক ও সামাজিক সুস্থতার উপর প্রভাব ফেলেছে। শিশুদের তাদের বাড়ি থেকে উপড়ে ফেলা হয়েছে, আপনজনদের থেকে আলাদা করা হয়েছে এবং তারা সরাসরি যুদ্ধের মুখোমুখি হয়েছে ৷ শিশুরা বোমা বিস্ফোরণ এবং ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থার সাইরেনগুলির শব্দে কেঁপে উঠেছে এবং, সবচেয়ে দুঃখজনকভাবে, অনেক শিশু শারীরিক ও যৌন সহিংসতার শিকার হয়েছে কিংবা প্রত্যক্ষ করেছে ।"