অ্যাকসেসিবিলিটি লিংক

মানিকগঞ্জে মা ও দুই মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

মানিকগঞ্জে মা ও দুই মেয়ের গলাকাটা লাশ উদ্ধার (প্রতীকী ছবি)
মানিকগঞ্জে মা ও দুই মেয়ের গলাকাটা লাশ উদ্ধার (প্রতীকী ছবি)

বাংলাদেশের মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় মা ও দুই মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ মে) সকালে বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের একটি বাড়ির ঘর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আসাদুর রহমান রুবেল নামে একজনকে আটক করা হয়েছে।

নিহত তিনজন আসাদুর রহমান রুবেলের স্ত্রী লাভলী আক্তার (৩৫), তাদের বড় মেয়ে ও বানিয়াজুরী সরকারি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছোয়া আক্তার (১৬) এবং ছোট মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী কথা আক্তার (১২)।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, রুবেল ও লাভলী ভালোবেসে বিয়ে করেন। ১৫ বছর যাবত রুবেল আঙ্গারপাড়া একই গ্রামে তার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন। কিন্তু বেশ কিছু দিন যাবৎ রুবেল ঋণগ্রস্ত হয়ে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। এর জেরে পারিবারিক কলহ বাড়তে থাকে। রাতে তাদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে এমন ঘটনা ঘটতে পারে। ভোরে স্থানীয়রা নিহতদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

তিনি আরও জানান, রুবেল উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে দন্ত চিকিৎসক হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছিলেন।

এ ব্যাপারে নিহত লাভলী আক্তারের বাবা সাহাজ উদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

স্থানীয় বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল খান জানান, রুবেল অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। যার দরুন এমন ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা।

জানা যায়, ঘটনার পর রুবেল পার্শ্ববর্তী ঢাকা–আরিচা মহাসড়কের পাঁচুরিয়া এলাকায় আত্মহত্যার জন্য মহাসড়কে শুয়ে পড়েন। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

This item is part of
XS
SM
MD
LG