অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের জন্য ৪,০০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ সিনেটে অনুমোদন

ইউক্রেনের ভেলিকা কোসট্রোমকা গ্রামে রাশিয়ার বোমাবর্ষণের পর, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সূর্যমুখীর তেল প্রক্রিয়াকরণের এক কারখানায় ধ্বংসস্তুপ পরীক্ষা করছেন ইউক্রেনের এক পুলিশ সদস্য, ১৯ মে ২০২২।
ইউক্রেনের ভেলিকা কোসট্রোমকা গ্রামে রাশিয়ার বোমাবর্ষণের পর, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সূর্যমুখীর তেল প্রক্রিয়াকরণের এক কারখানায় ধ্বংসস্তুপ পরীক্ষা করছেন ইউক্রেনের এক পুলিশ সদস্য, ১৯ মে ২০২২।

রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে থাকা ইউক্রেনের জন্য, বৃহস্পতিবার ৪,০০০ কোটি ডলারের এক নতুন সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস গত সপ্তাহে এই প্যাকেজ অনুমোদনের পক্ষে ভোট দিয়েছিল।

আশা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শীঘ্রই এতে প্রতিস্বাক্ষর করবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৃহস্পতিবার তার প্রাত্যহিক বক্তব্যে বলেন যে, সিনেটে সহায়তা প্যাকেজটির অনুমোদন “শক্তিশালী নেতৃত্বের বহিঃপ্রকাশ এবং স্বাধীনতার পক্ষে আমাদের অভিন্ন প্রতিরক্ষায় এক প্রয়োজনীয় অবদান”।

পৃথক আরেক ঘটনায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন যে, তাদের প্রশাসন ইউক্রেনে সামরিক সহায়তার জন্য অতিরিক্ত আরও ১০ কোটি ডলারের অনুমোদন দিতে যাচ্ছে। এই সহায়তা প্যাকেজে রয়েছে, ১৮টি হাওইটজার এবং সেগুলোকে টেনে নিয়ে যাওয়ার জন্য ১৮টি বাহন, এবং আরও অতিরিক্ত তিনটি আর্টিলারি-বিধ্বংসী রাডার। পেন্টাগনের মুখপাত্র জন কার্বি এই তথ্য জানান।

অপরদিকে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নিয়োগকে স্বাগত জানিয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের সিনেট ব্রিজেট ব্রিংক এর নিয়োগের অনুমোদন দেয়। ব্রিংক পররাষ্ট্র দফতরের এক অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা। তিনি এর আগে স্লোভাকিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

২০১৯ সাল থেকে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পদটি খালি রয়েছে। সে সময়ে তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাষ্ট্রদূত মারি ইয়োভানোভিচকে অপসারণ করেছিলেন।

ব্রিংক এর নিয়োগ অনুমোদন এমন সময়ে আসল যখন কিনা যুক্তরাষ্ট্র কিয়েভে তাদের দূতাবাসের কার্যক্রম পুনরায় আরম্ভ করেছে। এর মাধ্যমে, ইউক্রেনের রাজধানীর আশপাশের এলাকা থেকে রাশিয়ার বাহিনী নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর, এরকম একই ধরণের পদক্ষেপ নেওয়া অন্যান্য দেশের তালিকায় যুক্তরাষ্ট্রও যুক্ত হল।


This item is part of
XS
SM
MD
LG