কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গাদের চাহিদা নিয়ে আলোচনা করতে পাঁচ দিনের সফরে শনিবার (২১ মে) বাংলাদেশে এসেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলেন ২০১৯ সালের মার্চে।
কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে চলমান প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে গ্রান্ডি বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন।
শনিবার জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, কক্সবাজার ও ভাসানচরে মানবিক প্রতিক্রিয়া ও সমর্থনকারী প্রধান দাতা ও অংশীদারদের সঙ্গে বৈঠকে তিনি টেকসই আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরবেন।
কক্সবাজারের শিবির ও ভাসানচর পরিদর্শনের সময় গ্র্যান্ডি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে তাদের চাহিদা, চ্যালেঞ্জ ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
গ্র্যান্ডির সফরে ইউএনএইচসিআরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইন্দ্রিকা রাতওয়াট এবং হাইকমিশনারের সিনিয়র উপদেষ্টা হারভে ডি ভিলেরোশে সফরসঙ্গী হয়েছেন।