অ্যাকসেসিবিলিটি লিংক

খুলনায় নি‌ষিদ্ধ জ‌ঙ্গি সংগঠ‌নের ২ সদস্যের ২০ বছরের কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশের খুলনা জেলার এক‌টি আদালত বিস্ফোরক আইনে নি‌ষিদ্ধ জ‌ঙ্গি সংগঠ‌ন জেএমবির দুই সদস‌্যকে ২০ বছ‌রের সশ্রম কারাদণ্ড দি‌য়ে‌ছেন। একই সঙ্গে তা‌দের এক লাখ টাকা জ‌রিমানা করা হয়েছে। অনাদা‌য়ে আরও ৬ মা‌সের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় অভিযুক্তরা আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

রবিবার (২২ মে) খুলনার অতি‌রিক্ত মহানগর দায়রা জজ আদাল‌তের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা ক‌রেন।

সাজাপ্রাপ্ত দুই জঙ্গি সদস্যরা হলেন-মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার মোড়াবাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে নুর মোহাম্মদ অনিক ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ঘাশুরদুয়ার এলাকার মো. রেজাউল করিমের ছেলে মোজাহিদুল ইসলাম।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের আইনজীবী কাজী সাব্বির আহমেদ ও শামীম আহমেদ পলাশ।

আদলত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৫ জানুয়ারি গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে নগরীর সোনাডাঙ্গা থানার পুরাতন গল্লামারী রোডের হাসনাহেনা নামক বাড়ির তিনতলা ভবনের নিচতলার উত্তর পাশের কক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির কয়েকজন সদস্য অবস্থান করছেন। সেখানে তারা সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনা করছেন। এমন সংবাদ পেয়ে ওই দিন রাত সোয়া ৩টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায় এবং তাদের দুজনকে আটক করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য ও কয়েকটি রিমোট কন্ট্রোল উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ সংগঠনের সদস্য বলে পরিচয় দেয়।

আরও জানা যায়, এ ব্যাপারে ওই দিন রাতে সোনাডাঙ্গা থানার এসআই রোহিত কুমার বিশ্বাস বাদী হয়ে তাদের দুজনের নামে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। একই বছরের ২২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. এনামুল হক তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালে মোট ১২ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাব্বির আহমেদ বলেন, “এ দুজনের বিরুদ্ধে আরও মামলা রয়েছে। আদালতে তারা কয়েকটি স্থানে বোমা হামলার কথাও স্বীকার করেছেন। জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আদালত অতি অল্প সময়ের মধ্যে রায় ঘোষণা করেছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। অন্য মামলাগুলো স্বল্প সময়ের মধ্যে শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

This item is part of
XS
SM
MD
LG