অ্যাকসেসিবিলিটি লিংক

পেশি শক্তি ব্যবহার করে ভোটে জেতার সুযোগ নেই: সিইসি কাজী হাবিবুল আউয়াল

জেলা শিল্পকলা একাডেমিতে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান নির্বাচন কমিশনার
জেলা শিল্পকলা একাডেমিতে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান নির্বাচন কমিশনার

বাংলাদেশের, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে পেশি শক্তি ব্যবহার করে ভোটে জেতার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “যদি কোন প্রার্থী পেশি শক্তি ব্যবহার করে বিজয়ী হওয়ার চেষ্টা করেন, সেটা হবে চরম ভুল। আমরা প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেব। আমাদের পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন। আমরা আনন্দমুখর নির্বাচন করতে প্রস্তুত আছি। আমরা যুদ্ধ চাই না। প্রতিযোগিতা চাই।”

রবিবার (২৯ মে) জেলা শিল্পকলা একাডেমিতে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।

এ সময়, সিইসি কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, “যদি কেউ নির্বাচনে কূট-কৌশলের আশ্রয় নিয়ে বিজয়ী হন এবং তা যদি নির্বাচনের পরে তদন্ত করে বের করা যায়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণসহ, ফৌজদারি আইনে মামলা দায়ের করবে।”

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “কোন কারণে যদি কোন কেন্দ্রে ইভিএম নষ্ট হয়, কেউ নষ্ট করে ফেলে, সেক্ষেত্রে কোন ভোটার যদি বিকাল ৪টার আগে কেন্দ্রে উপস্থিত হন, তাদের জন্য রাত ১টায় হলেও ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠুভাবে গ্রহণ করার সব প্রস্তুতি আছে আমাদের। কেউ যদি সুন্দর পরিবেশকে নষ্ট করার পাঁয়তারা করেন, ওইসব ব্যক্তি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন।”

কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের প্রতি সৌহার্দ্য বজায় রেখে নির্বাচন শেষ করার জন্যে অনুরোধ জানান প্রধান নির্বাচন কমিশনার।

মতবিনিময় সভায়, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন, নির্বাচন কমিশনের যুগ্ম কমিশনার ফারুক আহম্মদ খান, কুমিল্লা সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার মো. শাহেদুন্নাবী চৌধুরী, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বক্তব্য দেন।

This item is part of
XS
SM
MD
LG