অ্যাকসেসিবিলিটি লিংক

আগামী মাসে আরেকটি বন্যার পূর্বাভাস রয়েছে: কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

বাংলাদেশে আগামী মাসে (আগস্টে) আরেকটি বন্যা হতে পারে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (১৪ জুলাই) সচিবালয়ে, মন্ত্রণালয়ের সভাকক্ষে, কৃষি-খাতে সরকারি বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) নিয়ে পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, “বাংলাদেশের কৃষি প্রকৃতি নির্ভর এবং কৃষি সব সময়ই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে। সাম্প্রতিক বন্যায় সিলেট, সুনামগঞ্জসহ ১২টি জেলায় ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আগস্টে আরেকটি ভয়াবহ বন্যার পূর্বাভাস রয়েছে। কৃষি মন্ত্রণালয় সেভাবেই প্রস্তুতি নিয়েছে; এটি একটি রুটিন কাজ। আমরা ব্যাপক পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেছি। একই সাথে, নাবী জাতের (লেইট ভ্যারাইটি) ধান চাষে গুরুত্ব দেয়া হচ্ছে।”

আব্দুর রাজ্জাক বলেন, “কৃষি খাত নিয়ে সরকারের মূল লক্ষ্য হলো, কৃষিকে সত্যিকার অর্থে বাণিজ্যিকীকরণ করা, যাতে কৃষকের জীবনমানের উন্নয়ন ঘটে। সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে বেসরকারি শিল্পোদ্যোক্তাদের সহযোগিতার প্রয়োজন। বিশেষ করে, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও যান্ত্রিকীকরণে বেসরকারি শিল্প-উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। কৃষিযন্ত্র অনেক ব্যয়বহুল, ৯০ শতাংশ যন্ত্র আমদানিনির্ভর। এসব কৃষিযন্ত্র আমরা দেশে উৎপাদন করতে চাই। পিপিপি এখানে বিরাট ভূমিকা রাখতে পারবে।”

বেসরকারি শিল্পোদ্যোক্তারা এগিয়ে আসলে, তাদেরকে প্রযুক্তিগত, অর্থনৈতিক এবং নীতি সহায়তাসহ সকল বিষয়ে সহযোগিতা করা হবে বলে জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

সভা শেষে, সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, “চাল আমদানির ফলে কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। বাজার স্থিতিশীল রাখতে সরকার চাল আমদানির অনুমতি দিয়েছে।”

XS
SM
MD
LG