অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনতে “বিস্তৃত কৌশল”প্রয়োজন: আইসিসি প্রসিকিউটর

ইউক্রেনের ভিনিতসিয়ায় গোলাবর্ষণের পর একটি ক্ষতিগ্রস্ত গাড়িতে রক্তের ছাপ দেখা যাচ্ছে, ১৪ জুলাই ২০২২।
ইউক্রেনের ভিনিতসিয়ায় গোলাবর্ষণের পর একটি ক্ষতিগ্রস্ত গাড়িতে রক্তের ছাপ দেখা যাচ্ছে, ১৪ জুলাই ২০২২।

“সহজ সত্যটা হল যে, আমরা যখন [এখানে] কথা বলছি, তখন শিশু, নারী ও পুরুষরা, তরুণরা ও বৃদ্ধরা, ত্রাসের মধ্যে জীবনযাপন করছেন।” বৃহস্পতিবার দ্য হেইগ-এ অনুষ্ঠিত ইউক্রেন অ্যাকাউন্টেবিলিটি কনফারেন্সের উদ্বোধনী বক্তব্যে এই কথাগুলো বলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম খান। সম্মেলনটিতে প্রায় ৪০টি দেশ অংশগ্রহণ করে।

খান বলেন যে, ইউক্রেনে যারা যুদ্ধাপরাধের জন্য দায়ী, তাদের বিচারের আওতায় আনতে একটি “বিস্তৃত কৌশল” প্রয়োজন।

ইউক্রেনের অভ্যন্তরে সংঘটিত অপরাধগুলোর ব্যাপারে আইসিসিকে আইনগত এখতিয়ার দিয়েছে ইউক্রেন। এর ফলে ঐ আদালত তদন্তের সুযোগ পাবে, যেহেতু রাশিয়া বা ইউক্রেন, কেউই আইসিসি’র সদস্যদেশ নয়।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন যে, ইউক্রেনের মধ্যাঞ্চলের ভিনিতসিয়া শহরে বৃহস্পতিবার রাশিয়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে , যাতে অন্তত ২৩ জন নিহত ও অপর আরও ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।

ভিনিতসিয়া শহরটি রাজধানী কিয়েভের প্রায় ২৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। পুলিশ জানায় শহরের কেন্দ্রস্থলে এক অফিস ভবনে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। কৃষ্ণ সাগরে অবস্থিত একটি রুশ ডুবোজাহাজ থেকে চালানো হামলায় ঐ এলাকায় তিনটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং নিকটবর্তী এক পার্কিং-এ রাখা ৫০টি গাড়ি ভস্মীভূত হয়।

আইসিসি’র বৈঠকে দেওয়া এক ভিডিও বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, “এটি হচ্ছে রুশ সন্ত্রাসী কর্মকাণ্ড”।

ভিনিতসিয়া অঞ্চলের গভর্নর সের্হি বোর্জভ বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ঐ এলাকায় অপর আরও চারটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে।

প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন যে, নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ রাশিয়া অস্বীকার করেছে।


XS
SM
MD
LG