ডেঙ্গু সংক্রমণ কার্যক্রম তদারকি ও পরিচালনা করতে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডেঙ্গু রোগীর তালিকা অনুযায়ী রোগীর বাড়ির আঙ্গিনা ও সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা, ডেঙ্গু রোগের প্রকোপ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং মশক নিয়ন্ত্রণে নিয়মিত অন্যান্য কার্যক্রম পরিচালনা ও তদারকি করা হবে।
রবিবার (১৭ জুলাই) সকাল ১০টায়, ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় মেয়র বলেন, “ডেঙ্গু রোগ ও এডিস মশার বিস্তার প্রতিরোধ করার জন্য রবিবার থেকে আমরা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করলাম। এই নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরাসরি তদারকি করব।”
প্রত্যেকটি ওয়ার্ডে কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে, মশক সুপারভাইজার ও মশক কর্মীরা নিয়োজিত আছেন বলে জানান মেয়র তাপস। তিনি বলেন, “প্রত্যেকটি রোগীর ঠিকানা চিহ্নিত করে সেই বাসাবাড়ি ও স্থাপনার কোথাও যদি পানির উৎস, এডিস মশার উৎস থাকে সেটা নির্মূল করা হবে। সেই এলাকায় সকাল বেলা লার্ভিসাইডিং করা হবে। আর, বিকালে আবার সেই এলাকাতে যথাযথভাবে ফগিং (এডাল্টিসাইডিং) করে আমরা মশকের বিস্তার নিয়ন্ত্রণ করার কার্যক্রম নিয়েছি।”
আগামী দুই মাস এই কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান মেয়র তাপস।