অ্যাকসেসিবিলিটি লিংক

এরদোয়ান: ইউক্রেনের শস্য রপ্তানি আবার শুরু করতে চুক্তি স্বাক্ষরিত হবে শুক্রবার

ফাইল ছবি: ওডেসা অঞ্চলে বার্লি বোঝাই করতে একটি ট্রাক দেখা যাচ্ছে যখন ইউক্রেনে রাশিয়ার আক্রমণ অব্যাহত ছিল, ইউক্রেন, জুন ২৩ ,২০২২।
ফাইল ছবি: ওডেসা অঞ্চলে বার্লি বোঝাই করতে একটি ট্রাক দেখা যাচ্ছে যখন ইউক্রেনে রাশিয়ার আক্রমণ অব্যাহত ছিল, ইউক্রেন, জুন ২৩ ,২০২২।

তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ানের দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে যে কৃষ্ণ সাগর পথে ইউক্রেনের শস্য রপ্তানি আবার শুরু করতে ইউক্রেন, রাশিয়া , তুরস্ক এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার একটি চুক্তিতে স্বাক্ষর করবেন।

রাশিয়া ও ইউক্রেন উভয়ই বিশ্বের গম সরবরাহকারী প্রধান দু’টি দেশ, তবে মস্কো ২৪ ফেব্রুয়ারি তার প্রতিবেশী দেশে হামলা চালানোর পর খাদ্যের মূল্য বেড়েই চলেছে এবং আন্তর্জাতিক খাদ্য সংকট শুরু হয়েছে। যুদ্ধের কারণে কিয়েভের রপ্তানি বন্ধ হয়ে গেছে, কয়েক ডজন জাহাজ আটকা পড়েছে এবং সেখানকার ওডেসা বন্দরের গুদামে প্রায় ২০ কোটি টন শস্য পড়ে আছে।

আঙ্কারা বলেছে গত সপ্তাহে ইস্তাম্বুলে জাতিসংঘের নেতৃত্বাধীন পরিকল্পনার বিষয়ে একটি সাধারণ সমঝোতা হয়েছে এবং এখন সংশ্লিষ্ট পক্ষরা তা লিখিত আকারে প্রকাশ করবেন। ঐ সমঝোতার বিস্তারিত তাত্ক্ষণিক ভাবে জানা যায়নি। তবে এরদোয়ানের দপ্তর বলছে যে শুক্রবার দোলমাবাচে প্রাসাদের দপ্তরে গ্রীনিচ মান সময়ে বেলা দেড়টায় এই চুক্তি স্বাক্ষরিত হবার কথা।

গত সপ্তাহের আলোচনার আগে কুটনীতিকরা বলেছিলেন বিস্তারিত পরিকল্পনায় রয়েছে মাইন পাতা সমুদ্র বন্দর থেকে শস্যের জাহাজগুলির যাওয়া-আসার জন্য ইউক্রেনের জাহাজ নির্দেশনা দেবে; জাহাজ চলাচলের সময়ে রাশিয়া অস্ত্র বিরতি মেনে চলবে এবং জাতিসংঘের সমর্থনে তুরস্ক জাহাজগুলি তল্লাশি করে দেখবে যাতে অস্ত্র পাচারের বিষয়ে রাশিয়ার আশংকা দূর করা যায়।

গুতেরেস যাকে “প্যাকেজ” চুক্তি বলছেন, জাতিসংঘ ও তুরস্ক দু মাস ধরে সে নিয়েই মধ্যস্ততা করে আসছে যাতে করে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি করা যায় এবং রাশিয়ার শস্য ও সার রপ্তানির সুবিধা ও দেওয়া যায়।

ইউক্রেনের কৃষি উপ-মন্ত্রী টারাস ভিসোত্সকি বহস্পতিবার দিনে আরো আগের দিকে বলেন ইউক্রেন সম্ভবত খুব শিগগিরই রপ্তানি আবার শুরু করতে পারবে।

মস্কো খাদ্য সংকটের অবনতি ঘটানোর দায় অস্বীকার করেছে। তারা বরঞ্চ তাদের নিজেদের খাদ্য ও সার রপ্তানি হ্রাস পাওয়ার জন্য পশ্চিমা নিষেধাজ্ঞা এবং কৃষ্ণ সাগরের বন্দরগুলোতে ইউক্রেনের মাইন পুতে রাখাকে দায়ী করছে।

গত সপ্তাহে ইস্তাম্বুল আলোচনার একদিন পরেই যুক্তরাষ্ট্র রাশিয়ার খাদ্য ও সার রপ্তানির সুবিধা করে দেয় এবং ব্যাংক, জাহাজ চলাচল বিভাগ ও বীমা কোম্পানিগুলিকে আবারও এই নিশ্চয়তা প্রদান করে যে এর ফলে ইউক্রেন আক্রমণের কারণে মস্কোর উপর আরোপিত ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কোন লংঘন হবে না।

XS
SM
MD
LG