যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার তার উচ্চপদস্থ অর্থনৈতিক উপদেষ্টাদের এক বৈঠকে ভার্চুয়ালভাবে যোগ দেন। এর একদিন আগে তার কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। হোয়াইট হাউজ জানিয়েছে যে তার “খুবই মৃদু” উপসর্গ রয়েছে।
বাইডেনের কন্ঠস্বর কিছুটা খসখসে শোনা যায় এবং বৈঠকে বক্তব্য দেওয়ার সময়ে তিনি মাঝেমধ্যে কাশছিলেন। তবে বাইডেন বলেন, “আমাকে শুনতে যতটা খারাপ মনে হচ্ছে আমি তার থেকে অনেক ভাল আছি।” হোয়াইট হাউজে নিজ বাসস্থান থেকে ঐ বৈঠকে যোগ দেন তিনি। জ্বালানীর মূল্যহ্রাসের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে বৈঠকটি করা হয়।
বৈঠকে বক্তব্য দেওয়ার আগে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন যে তার কেমন লাগছে। এর জবাবে তিনি বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে ভাল আছেন বলে ইঙ্গিত দেন।
এদিন তার আগে হোয়াইট হাউজের প্রকাশিত এক বিবৃতিতে চিকিৎসক কেভিন ও’কনর বলেন, বাইডেনের শরীরের তাপমাত্রা বৃহস্পতিবার ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস (৯৯.৪ ডিগ্রি ফারেনহাইট)পর্যন্ত পৌঁছে গেলেও শুক্রবার তা কমে আসে।
তিনি বলেন, “আজ সকালে তার কন্ঠস্বর ভারী হয়ে আছে। ঘরের ভেতরের পরিবেশে, তার হৃদস্পন্দন, রক্তচাপ, শ্বাসপ্রশ্বাসের হার ও অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে।”
ও’কনর জানান বাইডেনের মূল উপসর্গগুলো হল নাক দিয়ে পানি পড়া, ক্লান্তি ও মাঝেমধ্যে শুষ্ক কাশি। তিনি বলেন, প্রেসিডেন্ট টাইলেনল ওষুধ খেয়েছেন এবং ওষুধে “ভালভাবে সাড়া দিয়েছেন”।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্যাক্সলোভিড দিয়েও চিকিৎসা আরম্ভ করেন। প্যাক্সলোভিড একটি অ্যান্টিভাইরাল ওষুধ যা কোভিড-১৯ এর মাত্রা হ্রাস করতে সাহায্য করে।
ও’কনর জানান যে, শুক্রবারও বাইডেনের আরোগ্যলাভের গতি ধারা ছিল ভাল।
হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারিন জ্যঁ-পিয়ের শুক্রবার বিকেলে সাংবাদিকদের বলেন যে, বাইডেনের অবস্থার উন্নতি হচ্ছে এবং তার “খুবই মৃদু উপসর্গ রয়েছে”। তিনি বলেন, দুইবার টিকা ও দুইবার বুস্টার ডোজ নেওয়া থাকা ছাড়াও প্যাক্সলোভিড এর চিকিৎসায় তিনি উপকার পাচ্ছেন।
জ্যঁ-পিয়ের বলেন, বাইডেন “এখনও দিনে আট ঘন্টার বেশি কাজ করছেন” এবং শুক্রবার তার প্রাত্যহিক প্রেসিডেন্সিয়াল নিরাপত্তা ব্রিফিংয়ে তিনি ভিডিওকলের মাধ্যমে অংশগ্রহণ করেছেন।