অ্যাকসেসিবিলিটি লিংক

ঘোড়াশালে বিদ্যুৎকেন্দ্র বন্ধ, ডেসকো এলাকায় তিন ঘন্টা লোডশেডিং

ঘোড়াশালে বিদ্যুৎকেন্দ্র বন্ধ, ডেসকো এলাকায় তিন ঘন্টা লোডশেডিং
ঘোড়াশালে বিদ্যুৎকেন্দ্র বন্ধ, ডেসকো এলাকায় তিন ঘন্টা লোডশেডিং

বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর আওতাধীন এলাকায় গ্রাহকরা তিন ঘণ্টার বেশি লোডশেডিং অনুভব করেছেন। ঘোড়াশালে একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে, ঢাকা পাওয়ার সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর আওতাধীন এলাকায় তেমন কোনো লোডশেডিং নেই।

শনিবার (২৩ জুলাই) সরকারি সূত্রে জানা গেছে, ঘোড়াশাল পাওয়ার স্টেশনের একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেয়ায়; উত্তরা, গুলশান, বারিধারা, বসুন্ধরা, বনানী, বাড্ডা, উত্তরা খান, দক্ষিণখান, আগারগাঁও, মিরপুর, কাফরুল, কল্যাণপুর, খিলক্ষেত, পল্লবী, রূপনগর ও টঙ্গীসহ ডেসকো এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং শুরু হয়েছে।

ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী বলেন, “ঘোড়াশালে বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় আমরা অন্য দিনের তুলনায় কম সরবরাহ (বিদ্যুৎ) পাচ্ছি। তাই বিভিন্ন সময়ে তিন ঘণ্টার বেশি লোডশেডিং করতে হয়েছে। ঘোড়াশাল পাওয়ার স্টেশন হচ্ছে বিদ্যুতের একটি প্রধান উৎস, যেখান থেকে ডেসকো পাওয়ার সাপ্লাই পায়।”

ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক বলেন, “ঘোড়াশাল স্টেশনে একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ার পর, শনিবার ডেসকোতে চাহিদার বিপরীতে, বিদ্যুৎ সরবরাহ এক হাজার ৩৮ মেগাওয়াটের পরিবর্তে ৭৫০ মেগাওয়াটে নেমে এসেছে। পরিস্থিতি সামাল দিতে ডেসকো-কে প্রায় ২৭৮ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে।”

এদিকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)-এর কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ভোর ৪টা ৪৯ মিনিটে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ৩৬৫ মেগাওয়াট ইউনিট-৭ বিপর্যস্ত হয়ে বিদ্যুৎ সরবরাহে ব্যাপক ঘাটতি দেখা দেয়।

বিপিডিব’র জনসংযোগ পরিচালক শামীম হাসান জানান, “শনিবার বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি ভালো ছিল। দিনের লোডশেডিং অনুমন করা হয়েছিল এক হাজার ২৪২ মেগাওয়াট। যা আগেই নির্ধারিত ছিল। ১৪ হাজার মেগাওয়াটের চাহিদার বিপরীতে প্রজেক্টেড উৎপাদন ছিল ১২ হাজার ৭৫৮ মেগাওয়াট।”

এদিকে, ডিপিডিসি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে একটি বার্তায় উল্লেখ করেছে যে, তাদের এলাকায় কোন নির্ধারিত লোডশেডিং নেই। এই প্রতিষ্ঠানটি মূলত ঢাকা শহরের দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম এবং কেন্দ্রীয় অংশে বিদ্যুৎ সরবরাহ করে।

চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলায়, গত মঙ্গলবার থেকে সারা বাংলাদেশে দৈনিক এক ঘণ্টা এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে।

XS
SM
MD
LG