বিচ্ছিন্ন সোমালিল্যান্ড অঞ্চলে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) পাঁচ সাংবাদিককে শনিবার স্বল্প সময়ের জন্য আটক করার কারণে, পুলিশের প্রতি নিন্দা জ্ঞাপন করেছে দ্য সোমালি জার্নালিস্টস সিন্ডিকেট। সোমালিল্যান্ডে বিবিসি সোমবার সম্প্রচার করা থেকে বিরত থেকেছে। এর আগে গত সপ্তাহে কর্তৃপক্ষ সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে।
সোমালি জার্নালিস্টস সিন্ডিকেট (এসজেএস) এবং সোমালি মিডিয়া অ্যাসোসিয়েশন (এসওএমএ) সোমবার বিচ্ছিন্ন সোমালিল্যান্ড প্রজাতন্ত্রের কর্তৃপক্ষের প্রতি বিবিসি’র কর্মী ও সাংবাদিকদের হুমকি দেওয়া ও হয়রানি করা বন্ধের আহ্বান জানায়।
এছাড়াও ঐ অঞ্চলে বিবিসিকে নিঃশর্তভাবে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা পুনরায় চালু করতে দেওয়ার জন্যও সোমালিল্যান্ডের প্রতি আহ্বান জানায় ঐ দুই সংগঠন।
রাজধানী হারগেইসা-তে সোমালিল্যান্ডের পুলিশ শনিবার বিবিসি মিডিয়া অ্যাকশনের দফতরে অভিযান চালায় এবং পাঁচজন কর্মীকে আটক করে বলে, সোমালিয়ার গণমাধ্যম রক্ষাকারীরা জানান।
গণমাধ্যম সংগঠনগুলো জানায় যে, গ্রেফতারকৃত সাংবাদিকরা হলেন মোহামেদ গাস, আবদুল্লাহি জামা ও সামাতার গাহনুগ, চলচ্চিত্র সম্পাদক আহমেদ ফা’ইজ এবং তাদের পরিবহন ব্যবস্থাপক ইয়াহইয়ে আলী।
ন্যাশনাল ইউনিয়ন অফ সোমালি জার্নালিস্টস (এনইউএসওজে) -এর মহাসচিব, ওমর ফারুক ওসমান বলেন, বিবিসি’র দফতর বন্ধ করে দেওয়া “একটি ক্রোধান্বিত প্রতিক্রিয়া যা কারও জন্যই মঙ্গলজনক না”।
সোমালিল্যান্ডে হিউম্যান রাইটস সেন্টারের চেয়ারপার্সন, ইয়াসমিন ওমর মোহামুদ ভিওএ-কে টেলিফোনে বলেন যে, পুলিশ “বেআইনীভাবে” বিবিসি’র কর্মীদের আটক করেছে।
তিনি বলেন, “বিবিসি মিডিয়া অ্যাকশনের পাঁচ কর্মীকে পুলিশ আটক করে, যদিও সৌভাগ্যবশত, তাদের মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু গ্রেফতারগুলো বেআইনীভাবে ও আদালতের কোন পরোয়ানা ছাড়া করা হয়। অসুবিধাটা হল মানুষজনকে কোন অপরাধ ছাড়াই গ্রেফতার করা, এবং যা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত।”
সোমালিল্যান্ড একটি স্বঘোষিত স্বাধীন প্রজাতন্ত্র। আন্তর্জাতিকভাবে অঞ্চলটিকে সোমালিয়ার অংশ বিবেচনা করা হয়।