অ্যাকসেসিবিলিটি লিংক

বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রীতা বেড়েছে: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।বৃহস্পতিবার (২৮ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকাস্থ খুলনা বিভাগীয় আইনজীবী সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান বিচারপতি বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, নানা কারণে বর্তমানে বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রতা বেড়েছে। আমাদের সচেতনতা ও কর্মনিষ্ঠায় মামলা জট কমে, হাজার হাজার বিচারপ্রার্থী ন্যায় বিচার পেয়ে দ্রুত বাড়ি ফিরতে পারে।”

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, “বেঞ্চ গঠন করতে গেলে আমাকে অনেক কিছু মনে রাখতে হয়। এখনও কজ লিস্টে আশির দশকের ৯০ দশকের মামলা তালিকায় আসে। এরপর, ২০০০ সালের পর থেকে পর্যায়ক্রমে মামলা তালিকায় আসে। অনেক মামলা আছে যেটা ৪০ বছর পর্যন্ত পেন্ডিং আছে। মানুষ বিচারের আশায় আদালতে কত দিন ঘুরবে? এভাবে ঘুরতে ঘুরতে যদি একসময় মানুষের বিচারের উপর অনাস্থা প্রকাশ করে বলে, এই দেশে বিচার নাই, তাহলে এটাকে কি অন্যায় বলা হবে।”

তিনি বলেন, “বেঞ্চ গঠন করতে গিয়ে আমার মনে রাখতে হয়, যে ব্যক্তি বিচার পেতে বছর বছর আদালতের বারান্দায় ঘুরছে; তাদের কিভাবে বাড়ি ফেরানো যায়।”

প্রধান বিচারপতি আরও বলেন, “আশা করি আমরা কিছু দিনের মধ্যেই নতুন বিচারক পাবো। তখন হাইকোর্ট বিভাগে বেঞ্চের সংখ্যা আরও বাড়বে। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য যেভাবে বেঞ্চ গঠন করলে ভালো হয়, সেটাই আমি করার চেষ্টা করি।”

তিনি বলেন, “আইন পেশার সুমহান মর্যাদা রক্ষা করতে সকল অনিয়মের বিরুদ্ধে বার (আইনজীবী) ও বেঞ্চ (বিচারক)কে সোচ্চার থাকতে হবে। আইনজীবীদের প্রতি আমার একান্ত প্রত্যাশা থাকবে যে, আদালতের পবিত্র অঙ্গন থেকে অসাধু ও প্রতারক চক্রকে উচ্ছেদের মাধ্যমে এই অঙ্গনকে কলুষ মুক্ত করবেন।”

আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “খেটে খাওয়া সর্বস্ব হারানো মানুষকে আইনের সেবা প্রদানের সুযোগ আপনাদেরই করে দিতে হবে। জীবন যুদ্ধে ক্লিষ্ট মানুষগুলোর জায়গায় একবার নিজেকে ভাবুন, মুহূর্তে তাদের কষ্টে ভারাক্রান্ত হবেন। বিচার প্রত্যাশি জনগণের হয়রানি নিরসনে, আপনাদের হৃদয় নিংড়ানো আন্তরিকতা খোদার কাছে ইবাদতের মর্যাদা পাবে।”

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আরও বলেন, “আমাদের মনে রাখতে হবে আমরা ব্যর্থ হলে আইনের শাসন ব্যর্থ হবে। আইনের শাসন ব্যর্থ হলে ডেমোক্রেসি ব্যর্থ হবে। ডেমোক্রেসি ফেইল করলে রাষ্ট্র অকার্যকর হয়ে যাবে। সেজন্য আমরা আমাদের স্ব-স্ব দায়িত্ব পালন করবো।”

XS
SM
MD
LG