অ্যাকসেসিবিলিটি লিংক

বিচার বিভাগ স্বাধীন থাকলে ন্যায়বিচার নিশ্চিত হবে: আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক
জনগণকে দ্রুত ন্যায়বিচার প্রদানের প্রতি গুরুত্বারোপ করেছেন, বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন,“বিচার বিভাগ স্বাধীন থাকলে ন্যায়বিচার নিশ্চিত হবে, একথা আমি বিশ্বাস করি।”
আইনমন্ত্রী বলেন, “মামলার বিচার করতে দেরি হলে, ন্যায়বিচার শব্দের ন্যায় কথাটি ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। ন্যায়বিচারকে ঝাপসা হতে দেবেন না। সেই সঙ্গে, মামলা নিষ্পত্তির হার বাড়াবেন। আমি জনগণের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে এই অনুরোধ করছি।আইনজীবীদের সঙ্গে বিচারকদের সু-সম্পর্ক থাকলে, মামলা নিষ্পত্তির হার বাড়বে এবং বিচার বিভাগ শক্তিশালী হবে।”

শনিবার, রাজধানী ঢাকার একটি রেস্তোঁরায়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, “বাংলাদেশকে স্বাধীন করার চেষ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম চাওয়া ছিল, জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা। সেক্ষেত্রে আজকে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, বিচার বিভাগকে এমনভাবে সাজানো, যাতে বাংলাদেশের জনগণের, দ্রুত ন্যায়বিচার পাওয়ার অধিকার পূরণ হয়। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি।”

আনিসুল হক বিচারকদের উদ্দেশ্যে বলেন, “বিচার বিভাগের স্বার্থে আপনারা সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে যেটাই চাইবেন, সেটা দেয়া হবে। বিনিময়ে দ্রুত ন্যায়বিচার চাই।”

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “জনগণের টাকায় দেশ চলে, তাদের পরিশ্রমে, তারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করার কারণে, আমরা এই অবস্থানে আছি। তাই তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”

“আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হলো, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের সেতু বন্ধন। এই সেতু বন্ধন যাতে আরও দৃঢ় হয়, বিচারকদের যাতে কোন অসুবিধা না থাকে, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে;” বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, “বিচার বিভাগ স্বাধীন থাকলে ন্যায়বিচার নিশ্চিত হবে, একথা আমি যেমন বিশ্বস করি; প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তেমনই বিশ্বাস করেন। এমনকি, বঙ্গবন্ধু এই বিশ্বাসকে ধারণ করেই বাংলাদেশের জন্ম দিয়েছিলেন।”

“বিচার বিভাগ স্বাধীনভাবে চলার জন্য নেতৃস্থানীয় এবং প্রত্যেক পদে সৎ ও দক্ষ কর্মকর্তা থাকা উচিত। তাছাড়া, যারা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, এমন কর্মকর্তা থাকা প্রয়োজন;” উল্লেখ করেন আইনমন্ত্রী আনিসুল হক।

This item is part of
XS
SM
MD
LG