সোমবার রাশিয়া কয়েক ডজন ব্রিটিশ রাজনীতিবিদ, কর্মকর্তা এবং সুপরিচিত ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করে যে তারা রাশিয়াকে “পৈশাচিক” দেশ হিসাবে দেখানো সমর্থন করছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ৩৯ জন ব্রিটিশের রাশিয়া প্রবেশ নিষিদ্ধ করা হবে। মস্কো ইতোমধ্যে আরও ২শ জনের বেশি ব্রিটিশ নাগরিকের রাশিয়ায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সর্বশেষ নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের বিরোধী দল লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার, সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং টিভি উপস্থাপক পিয়ার্স মরগান অন্তর্ভুক্ত।
ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে ব্রিটিশ সরকার ইউক্রেনের একটি শক্তিশালী সমর্থক।
ব্রিটেনের বেশিরভাগ নেতৃস্থানীয় রাজনীতিবিদের রাশিয়া ভ্রমণের ওপর ইতোমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক বলেছে, নতুন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্রিটিশরা “আমাদের দেশের দানবীয়করণ এবং এর আন্তর্জাতিক বিচ্ছিন্নতার লক্ষ্যে লন্ডনের প্রতিকূল পদক্ষেপের ক্ষেত্রে অবদান রেখেছে।”
সোমবার একটি পৃথক বিবৃতিতে রুশ প্রসিকিউটর জেনারেল কার্যালয় ব্রিটিশ অলাভজনক সংস্থা ক্যালভার্ট ২২-কে একটি “অনাকাঙ্ক্ষিত” সংস্থা হিসেবে অভিহিত করেছে।
রাশিয়ায় জন্মগ্রহণকারী অর্থনীতিবিদ নোন্না মাতারকোভা ২০০৯ সালে সংস্থাটি প্রতিষ্ঠা করেন। এটি রাশিয়া এবং পূর্ব ইউরোপ সংক্রান্ত শিল্প ও সংস্কৃতি প্রকল্পগুলোকে সহায়তা করে।
এ প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।