অ্যাকসেসিবিলিটি লিংক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনকে অস্ত্র মামালায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের আদালত

বাংলাদেশের নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনকে, সিদ্ধিরগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, বিশেষ ট্রাইব্যুনালের বিচারক, সাবিনা ইয়াসমিন এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. সালাহউদ্দিন সুইট জানান, “২০১৪ সালের ১৫ মে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, আট রাউন্ড গুলি ও আটটি সর্টগানের গুলি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় নূর হোসেনকে অভিযুক্ত করে অস্ত্র আইনে আলাদা অভিযোগে মামলা করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।”

পাবলিক প্রসিকিউটর জানান, “সেই মামলায় পুলিশ তদন্ত শেষে তিন মাস পর অভিযোগপত্র দাখিল করলে, আদলত বিচার প্রক্রিয়ায় চারজনের সাক্ষ্যগ্রহণ করেন। পরে, তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণ হওয়ায়, নূর হোসেনকে দুটি ধারায় আলাদাভাবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।”

আদলত একই সাথে মাদক ও চাঁদাবাজির অভিযোগে নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা আরও দুটি মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ করেন।

এর আগে, ৪ আগস্ট সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে গাজীপুরের কাসিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়।

XS
SM
MD
LG