অ্যাকসেসিবিলিটি লিংক

শ্রমিক কল্যাণ তহবিলে ৩০ কোটি ৩১ লাখ টাকা জমা দিলো গ্রামীণফোন

ঢাকায় দেশের বৃহত্তম মোবাইল ফোন সেবা দানকারী কোম্পানি "গ্রামীণফোন"-এর বিজ্ঞাপনে একটি বিশাল মোবাইল ফোন দেখা যাচ্ছে। (ফাইল ছবি)
ঢাকায় দেশের বৃহত্তম মোবাইল ফোন সেবা দানকারী কোম্পানি "গ্রামীণফোন"-এর বিজ্ঞাপনে একটি বিশাল মোবাইল ফোন দেখা যাচ্ছে। (ফাইল ছবি)

বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৩০ কোটি ৩১ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করে। এ সময় প্রতিমন্ত্রীর হাতে ৩০ কোটি ৩১ লাখ ৩৫ হাজার ৭১৮ টাকার চেক তুলে দেন তারা।

চেক প্রদান অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, “শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী এই ফাউন্ডেশন তহবিল গঠন করা হয়। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক, উভয় খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেয়া হয়। এখন পর্যন্ত ১৫ হাজার ২৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।”

গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা বলেন, “দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন গত ২৫ বছর ধরে বাংলাদেশের ডিজিটালাইজেশন ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। গ্রামীণ ফোন ভবিষ্যৎ উপযোগী দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে। গ্রামীণফোন সবসময় সরকারের পাশাপাশি শ্রমিকদের পাশে দাঁড়ানোর বিষয়টিতে অগ্রাধিকার দিয়ে থাকে।”

শ্রমজীবী মেহনতি মানুষের বৃহত্তর স্বার্থে এ তহবিলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তিনি ধন্যবাদ জানান।

গ্রামীণফোন এবং অন্য দেশি, বিদেশি এবং বহুজাতিক মিলে ২৬৫টি প্রতিষ্ঠান তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ নিয়মিত এ তহবিলে জমা দিয়ে আসছে। এখন পর্যন্ত এই তহবিলে জমার পরিমাণ প্রায় ৭৪০ কোটি টাকা। গ্রামীণফোন এই তহবিলে মোট ২১৩ কোটি ৩২ লাখ ২০ হাজার ৮১ টাকা জমা দিয়েছে।

XS
SM
MD
LG