অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামের মীরসরাই ট্রেন দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু

মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা
মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা

বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাইয়ে পর্যটকবাহী মাইক্রোবাসের সঙ্গে ট্রেনের সংর্ঘষে আহত আরও এক যুবক মারা গেছেন। সাতদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর, শুক্রবার (৫ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে তিনি মারা যান।

নিহত যুবকের নাম তাসফির হাসান (২১)। এ নিয়ে মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো-সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী বলেন, “প্রথম থেকেই তাসফিরের অক্সিজেন স্যাচুরেশন কম ছিল। তাই তাকে আইসিইউতে নেয়া হয়। আমাদের প্রথম থেকেই শঙ্কা ছিল তাকে নিয়ে। কারণ, দুর্ঘটনায় তিনি মাথায় ও ঘাড়ে আঘাত পান। এর পর থেকে জ্ঞান ফেরেনি তার। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছেন।আজ (৫ আগস্ট) সকাল থেকে তার অবস্থার আরও অবনতি হতে থাকে। দুপুরের দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।”

উল্লেখ্য, গত ২৯ জুলাই মীরসরাইয়ের বড়তাকিয়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাতজনকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতালে।

দুর্ঘটনার দিন সকালে, চট্টগ্রামের হাটহাজারী থেকে, একটি কোচিং সেন্টারের শিক্ষার্থী ও ৪ শিক্ষকসহ ১৮ জনের একটি দল মীরসরাই উপজেলার পাহাড়ী এলাকা খৈয়াছড়া ঝরণা দেখতে যায়। দুপুরে ফেরার পথে, ঢাকা -চট্টগ্রাম রেলক্রসিং অতিক্রমকালে, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ১১ জন মারা যান।

This item is part of
XS
SM
MD
LG