অ্যাকসেসিবিলিটি লিংক

২০২১-২২ অর্থবছরে কালো টাকা সাদা করায় সাড়া কম: এনবিআর ডাটা

বাংলাদেশি টাকা।
বাংলাদেশি টাকা।

বাংলাদেশে সাধারণ ক্ষমার আওতায়, কালো টাকার মালিকদের কর প্রদান করে অর্থ সাদা করার হার ২০২১-২২ অর্থবছরে ৮০ দশমিক ৮৩ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২১-২২ অর্থবছরে এই সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৩০০ জনে। এর আগের অর্থবছরে এই সংখ্যা ছিল ১২ হাজার।

সোমবার (৮ আগস্ট) বাংলাদেশ রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ তথ্য থেকে এ সংখ্যা জানা গেছে।

গত অর্থবছরে শেয়ারবাজারে সমন্বয়, জমি-ফ্ল্যাট ক্রয়, ব্যাংকে টাকা রেখে সব ধরনের কালো টাকা সাদা করার সুযোগ ছিল। বছর শেষে দেখা গেছে, সুযোগ থাকা সত্ত্বেও, দুই হাজার ৩০০ জন এই সুযোগ নিতে এগিয়ে এসেছেন। এত কম সাড়াদানের পেছনে গত বছর উচ্চ কর আরোপকে দায়ী করা হচ্ছে। অর্থবছর ২২ এর ২৫ শতাংশের তুলনায় অর্থবছর ২১-এ করের হার ছিল ১০ শতাংশ। এছাড়া কালো টাকা সাদা করতে, ঐ করের ওপর পাঁচ শতাংশ জরিমানাও দিতে হতো। এতে মোট করের হার দাঁড়ায় ২৬ দশমিক ২৫ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক শীর্ষ কর্মকর্তা জানান,“করের হারের কারণে সাড়া কম ছিল।”

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “এ ধরনের সুযোগ দেওয়া অনৈতিক, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী। এতে প্রমাণিত হয় নৈতিকতার বিনিময়ে এই ধরনের সুযোগ থেকে খুব কমই লাভ হয়েছে।”

“এ ধরনের সুযোগ শুধু দুর্নীতিবাজদের সুরক্ষা দেয় না; বরং দুর্নীতিকে উৎসাহিত করে;” বলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

This item is part of
XS
SM
MD
LG