অ্যাকসেসিবিলিটি লিংক

'গণতন্ত্র মঞ্চ' রাজনীতিতে গুরুত্বহীন: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

"জনগণের সঙ্গে সম্পর্কহীন ও রাজনীতিতে পরিত্যক্ত ব্যক্তিবিশেষরা নিজেদের গুরুত্ব বাড়াতে 'গণতন্ত্র মঞ্চ' নামে যে জোট গঠন করেছে, রাজনীতি কিংবা ভোটের মাঠে তার কোনো গুরুত্ব নেই" বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে ঢাকায় মন্ত্রী তার মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সোমবার জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন -এই সাত দলের ‘গণতন্ত্র মঞ্চ’ জোট গঠনে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের ঘোষণা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

ড. হাছান বলেন, "গণতন্ত্র মঞ্চ নামে ৭ দলীয় একটি জোট গতকাল গঠিত হয়েছে দেখলাম। যারা এই জোট গঠন করেছে, তারা সবাই রাজনীতিতে পরিত্যক্ত ব্যক্তিবিশেষ এবং রাজনীতিতে গুরুত্বহীন হয়ে পড়েছে। এরা প্রত্যেকেই নানা দল করে, নানা ঘাটের পানি খেয়ে আজকের এ অবস্থায় এসেছেন এবং জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই"।

"এটি একটি গুরুত্বহীন জোট এবং ভোটের রাজনীতি বলুন বা দেশের সার্বিক রাজনীতি কোনো ক্ষেত্রেই তাদের কোনো গুরুত্ব নেই" উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, "তারা নিজেরা যেহেতু গুরুত্বহীন, তারা মিলে একটি জোট গঠন করে নিজেদের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন মাত্র, অন্য কিছু না।"

ওদিকে ৭টি রাজনৈতিক দল মিলে গঠিত নতুন রাজনৈতিক জোটকে স্বাগত জানিয়ে বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান বলেছেন, "বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য বিরোধী জোট হিসেবে গণতন্ত্র মঞ্চের উত্থান একটি সাফল্য।"

তিনি বলেন, "আমরা গণতন্ত্র মঞ্চের সূচনাকে স্বাগত জানাই। তারা (নতুন জোট) যে দাবিগুলো বলেছে আমরা দীর্ঘদিন ধরেই সেই দাবিগুলো জানিয়ে আসছি।"

মঙ্গলবার পবিত্র আশুরা উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি নেতা বলেন, "তাদের দল বলছে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং এর অধীনে কোনো নির্বাচন হতে পারে না। অবশ্যই সংসদ ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দলীয় নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।"

তিনি আরও বলেন, "তাই আমরা মনে করি এটা আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রচেষ্টার সাফল্য। আমরা মনে করি এটি ভবিষ্যতের ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য একটি পদক্ষেপ।"

একযোগে আন্দোলনের জন্য বিরোধী দলগুলোর সঙ্গে বৃহত্তর প্লাটফর্ম গড়ে তোলার পদক্ষেপের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, তাদের প্রচেষ্টা যাতে কেউ নস্যাৎ করতে না পারে সেজন্য তারা এখনও অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

XS
SM
MD
LG