ময়মনসিংহ ও সিলেট জেলার বাস মালিক সমিতির দ্বন্দ্বে টানা ১৩ দিন ধরে সিলেট-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সিলেট, ময়মনসিংহ, নেত্রকোণা ও কিশোরগঞ্জের রুটে বাস চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
এ সমস্যা নিয়ে আগামী রবিবার(১৪ আগস্ট) দুই জেলার মালিক সমিতির নেতারা বৈঠকে বসতে যাচ্ছেন।
সংশ্লিষ্টরা জানান, সিলেট-ময়মনসিংহ রুটে সিলেট জেলার পাঁচটি এবং ময়মনসিংহ জেলার ৭০টি বাস চলাচল করে। কিছু দিন আগে, সিলেট জেলার পাঁচটি বাসকে যাত্রী পরিবহন করতে নিষেধ করে ময়মনসিংহ জেলা বাস মালিক সমিতি। এই নিয়ে দু’পক্ষ দ্বন্দ্ব শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১ আগস্ট থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
এক যাত্রী বলেন, “১৩ দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে, অথচ সাধারণ যাত্রীরা কিছুই জানি না। শনিবার (১৩ আগস্ট) দুপুরে ময়মনসিংহে যাওয়ার জন্য টিকিট কাটতে কাউন্টারে এসে জানতে পারছি বাস চলাচল বন্ধ। এখন আবার বাড়িতেই ফিরে যেতে হচ্ছে।”
সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বলেন, “ময়মনসিংহ জেলা সমিতি আমাদের ৪-৫ টি বাস ঐ রুটে চলাচল করতে নিষেধ করেছে। অথচ তাদের ৬০-৭০টি বাস প্রতিদিন চলাচল করে। তাদের এতো বাস চলতে পারলে, আমাদেরটা কেন চলতে পারবে না। তাই আমরাও আমাদের দাবি আদায়ে অনড় রয়েছি। রোববার দুপুর ২টায় আমরা হাইওয়ে ইনে বসবো। আশা করছি এই বৈঠকে দ্বন্দ্বের সমাধান হবে।”