বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সীমান্তে আটকের তিন ঘন্টা পর হাবিবুল ইসলাম (৪১) নামে এক বাংলাদেশের এক নাগরিককে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে তাকে ফেরত দেয় তারা। এর আগে, সকাল ৮টার দিকে তাকে আটক করে বিএসএফ।
আটক হাবিবুল ইসলাম ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডল কৃঞ্চানন্দ বকসী গ্রামের হাসমত আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে যে, হাবিবুল ইসলাম শনিবার সকালে, সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯২৯ এর কাছ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তিনি কোচবিহার জেলার দিনহাটা থানার মরাকুটি ভূরামপাকিস্থি এলাকায় যাচ্ছিলেন দিনহাজিরায় পাট কাটতে। এসময় ভারতের গিদালদহ ক্যাম্পের এক বিএসএফ সদস্য তাকে আটক করে। খবর পেয়ে বিএসএফ সদস্যদের কাছে বাংলাদেশি ঐ নাগরিককে ফেরত দিতে মৌখিকভাবে অনুরোধ জানায় বিজিবি। তিন ঘন্টা পর বেলা ১১টার দিকে হাবিবুল ইসলামকে বিজিবি’র কাছে ফেরত দেয় বিএসএফ।
লালমনিরহাট ১৫ বিজিবি’র গোড়কমণ্ডল ক্যাম্পের কমান্ডার মো. খলিলুর রহমান জানান, “আটকের খবর পেয়ে সঙ্গে সঙ্গে দিনমজুরকে ফেরত চেয়ে বিএসএফ’র কাছে অনুরোধ জানাই আমরা। এর তিন ঘন্টা পর তারা আটক বাংলাদেশিকে ফেরত দেয়।”