অ্যাকসেসিবিলিটি লিংক

বেতন না দিয়ে পোশাক কারখানা বন্ধ, চট্টগ্রামে শ্রমিকদের বিজিএমইএ অফিস ঘেরাও

পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন
পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন

বাংলাদেশের চট্টগ্রামে বেইস টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিজিএমইএ’র অফিস ঘেরা ও কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২২ আগস্ট) দুপুরের দিকে নগরী খুলশী থানাধীন ঝাউতলায়, বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। পরে, পাওনা আদায়ে শিল্প পুলিশ ও বিজিএমইএ কর্মকর্তাদের আশ্বাসে দুইদিনের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়া হয়।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, কোন পূর্ব ঘোষণা ছাড়াই ১৩ আগস্ট বেইস টেক্সটাইল বন্ধ ঘোষণা করা হয়। তিন মাসের পাওনা পরিশোধ না করে হঠাৎ কারখানা বন্ধ করায়বিপাকে পড়েছেন শ্রমিকরা। তাই পাওনা আদায়ের জন্য বাধ্য হয়ে বিজিএমইএ অফিস ঘেরাও করেছেন তারা।

শ্রমিকরা আরও জানায়, মালিকপক্ষ বিনা অপরাধে কাউকে কিছু না বলে বেতন বকেয়া রেখে শ্রমিক ছাঁটাই শুরু করে এবং কোরাবানির ঈদে কারখানা কয়েকদিনের জন্য বন্ধ করার পর আর চালু করেনি কর্তৃপক্ষ।

বাংলাদেশ লেবার ফেডারেশন পূর্বাঞ্চলের সভাপতি আনোয়ার হোসেন জানান, দুইদিনের মধ্যে পাওনা পরিশোধের বিষয়ে সমাধান না পেলে, লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেন শ্রমিক নেতারা।

এর আগে, গত ২৭ জুলাই নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল মোড়ে একই দাবিতে সড়ক অবরোধ করেন এই কারখানার শ্রমিকরা। পরে, পুলিশ ও শ্রম আদালতের পক্ষ থেকে আইনি সহায়তার মাধ্যমে বকেয়া আদায়ের আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেন।

XS
SM
MD
LG