বাংলাদেশের রাজধানী ঢাকার মেট্রোরেল প্রকল্পের একাদশ চালান নিয়ে জাপান থেকে একটি জাহাজ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। সোমবার (২২ আগস্ট) সকালে মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে জাহাজ এমভি হোসি ক্রাউন নোঙর করে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান জানান, “জাপানের কোবে বন্দর থেকে আটটি রেলওয়ে কোচ ও চারটি ইঞ্জিনসহ ৩৪ বক্স মেশিনারি পণ্য নিয়ে এমভি হোসি ক্রাউন সোমবার সকালে মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে ভিড়েছে। দুপুরেই জাহাজ থেকে পণ্য খালাস কাজ শুরু হয়।”
ওয়াহিদুজ্জামান আরও জানান এই মালামাল জাহাজ থেকে খালাস করে, নৌপথে বার্জে করে ঢাকার উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে নেয়া হবে। এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৭০টি কোচ এবং ৩৪টি ইঞ্জিনসহ বিভিন্ন মেশিনারি পণ্য এসেছে।