অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশকে ফাইজারের আরও ১ কোটি টিকা দিল যুক্তরাষ্ট্র

কিশোর ও প্রাপ্তবয়স্ক নাগরিকদের টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে, বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার আরও এক কোটি ডোজ দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, এই অনুদানের মধ্য দিয়ে বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের টিকা ডোজের সংখ্যা সাড়ে ৮ কোটি ছাড়িয়েছে।

আন্তর্জাতিক সহায়তা হিসেবে বাংলাদেশ যে পরিমাণ কোভিড-১৯ টিকা ডোজ এযাবতকালে পেয়েছে, তার মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি টিকা ডোজ অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার ও আমেরিকান জনগণ।

যুক্তরাষ্ট্র,বাংলাদেশের জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির প্রতিটি ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে, বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। তাদের কাজের প্রচেষ্টার মধ্যে রয়েছে, বাংলাদেশের ৬৪টি জেলায় টিকাদান কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য ৫১ হাজারেরও বেশি স্বাস্থ্যসেবাদানকারী ও অন্যান্য কর্মীদের নিরাপদ টিকাদান কার্যক্রম পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান।

এছাড়াও, যুক্তরাষ্ট্র ১৮টি ফ্রিজার ভ্যান, ৭৫০টি ফ্রিজার ইউনিট ও আট হাজার টিকা বহন বাক্স অনুদান দেওয়ার পাশাপাশি, ৪ কোটি ৭০ লাখ টিকা সরাসরি প্রদানের লক্ষ্যে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ৫ কোটি ৭০ লাখ ডোজ টিকা পরিবহনে সহায়তা করেছে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোভিড-১৯ সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ১৪ কোটি ডলার বা ১ হাজার ৪০০ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছে। বিশ্বব্যাপী কোভ্যাক্স কার্যক্রমের আওতায়, কোভিড-১৯ টিকার অতি-শীতলীকৃত মজুদ, পরিবহন ও নিরাপদ ব্যবহার-বিধি অনুসরণে সহায়তার জন্য, যুক্তরাষ্ট্র চারশ’ কোটি ডলার অনুদান দিয়েছে। আর এই অনুদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভিড-১৯ টিকা গ্রহণের ন্যায়সঙ্গত সুযোগ তৈরি করার ক্ষেত্রে বৃহত্তম দাতা দেশের মর্যাদা লাভ করেছে।

XS
SM
MD
LG