অ্যাকসেসিবিলিটি লিংক

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করা হবে: টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার

মোস্তাফা জব্বার।
মোস্তাফা জব্বার।

ভারতের আসাম রাজ‌্যের, রাজ‌্য সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান আসাম ইলেক্ট্রনিকস ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড, বাংলাদেশ থেকে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ আমদানি করার কথা নিশ্চিত করেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং ভারতের একটি প্রতিনিধিদলের মধ‌্যে অনুষ্ঠিত বৈঠকে নীতিগতভাবে বিষয়টি চূড়ান্ত হয়।

আগামী নভেম্বরের মধ‌্যে সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, এই বিষয়ে চুক্তি স্বাক্ষরসহ রপ্তানির বিষয়টি চূড়ান্ত করার সিদ্ধান্ত হয় বৈঠকে।

ভারতের মেঘালয় রা‌জ‌্য সরকারের যুগ্মসচিব (আইটি) কুমবামুট লাং ননগরি বৈঠকে অসমীয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন উপস্থিত ছিলেন। বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, “আমাদের ব্যান্ডউইথ রপ্তানি বিষয়ে কোনো সমস্যা নেই, আমাদের নিজস্ব চাহিদা মেটানোর পরও, হাতে যথেষ্ট পরিমাণ ব্যান্ডউইথ আছে, থাকবে।”

টেলিযোগাযোগমন্ত্রী আরও বলেন, “দেশে নেটওয়ার্ক-এর বর্ধিত চাহিদা মিটিয়ে, সৌদি আরব ও ভারতে ব্যান্ডউইথ রপ্তানি করা হচ্ছে।”

বাংলাদেশ তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগের কাজ শুরু করেছে। তৃতীয় সাবমেরিন সংযোগ সম্পন্ন হলে, অতিরিক্ত আরও প্রায় ১৩২০০ জিবিপিএস ব্যান্ডউইথ সংযুক্ত হবে। এছাড়া, প্রথম সাবমেরিন ক্যাবলে আরও ৩৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ সংযুক্ত হচ্ছে। অর্থাৎ বিদ্যমান ক্যাপাসিটির চেয়ে প্রায় ৫ গুণ বেশি।

আসামে ব্যান্ডউইথ রপ্তানির যথাযথ প্রক্রিয়া গ্রহণের জন্য, টেলিযোগাযোগমন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন। প্রক্রিয়া সম্পন্ন হলে সিলেটের তামাবিল থেকে মেঘালয়ের ডাউকি হয়ে গুয়াহাটীতে আসাম নিজস্ব ব্যয়ে ক্যাবল সংযোগ স্থাপন করবে। এজন্য বাংলাদেশ তামাবিল পর্যন্ত নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে বিকল্প লাইন স্থাপন করবে বলে টেলিযোগাযোগমন্ত্রী প্রতিনিধিকে আশ্বস্ত করেন।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, “২০০৮ সালে বাংলাদেশে মাত্র সাড়ে সাত জিবিপিএস ব্যান্ডউইথ ব‌্যবহৃত হতো। ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৮ লাখ। ২০২০ সালে কোভিড শুরুর প্রাক্কালে ১ হাজার জিবিপিএস ইন্টারনেট ব্যবহৃত হতো। বর্তমানে তা বেড়ে ৩৮০০ জিবিপিএস-এ উন্নীত হয়েছে। ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ কোটিতে উন্নীত হয়েছে।”

ভারতের আসাম রাজ্যের প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন; আসাম ইলেক্ট্রনিকস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর ম্যানেজার শ্যামল সরকার, আসাম ইলেক্ট্রনিকস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর কনসালটেন্ট সিআর ডেকা, দীপংকর চৌধুরী।

উল্লেখ্য, ভারতের ত্রিপুরা রাজ্য বাংলাদেশ থেকে ২০ জিবিপিএস ব্যান্ডউইথ আমদানি করে।

This item is part of
XS
SM
MD
LG