রাশিয়া-ইউক্রেনসহ কোনো দেশ থেকেই খাদ্য আমদানি করতে বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, “বৈঠকে খাদ্য সামগ্রী আমদানি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের খাদ্য আমদানি নিয়ে কোনো সমস্যা নেই। আন্তর্জাতিক দিক থেকেও কোনো সমস্যা নেই; সেটা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।”
বাণিজ্যমন্ত্রী জানান, “খাদ্যের মজুদ কেমন আছে, সার্বিক বিষয়ে আলোচনা করেছি। তবে, জ্বালানি তেল নিয়ে আলোচনা হয়নি। খাদ্য আমদানির ক্ষেত্রে রাশিয়া হোক বা ইউক্রেন হোক; আন্তর্জাতিকভাবে কোনো বাধা নেই। এছাড়া, ২৪টা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ডলার আমদানি করতে পারবে।” তিনি বলেন, “ বৈঠকে এক্সপোর্টের বিষয়েও কথাবার্তা হয়েছে। সবাইকে জানানো হয়েছে খাদ্য আমদানিতে কোনো বাধা নেই।”