পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশেপাশের পরিস্থিতি অনিশ্চিত: জেলেন্সকি

ইউক্রেন-রাশিয়া সংঘাত চলাকালীন, ইউক্রেনের ঝাপোরিঝিয়া অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত এনেরহোদার শহরের বাইরে, ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে, রুশ পতাকাসহ ইউনিফর্ম পরা এক সেনাসদস্য পাহারারত অবস্থায় দাঁড়িয়ে আছে, ৪ আগস্ট ২০২২। (ফাইল ফটো)
ইউক্রেন-রাশিয়া সংঘাত চলাকালীন, ইউক্রেনের ঝাপোরিঝিয়া অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত এনেরহোদার শহরের বাইরে, ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে, রুশ পতাকাসহ ইউনিফর্ম পরা এক সেনাসদস্য পাহারারত অবস্থায় দাঁড়িয়ে আছে, ৪ আগস্ট ২০২২। (ফাইল ফটো)

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার বলেন, ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশেপাশের পরিস্থিতি এখনও “অত্যন্ত অনিশ্চিত ও বিপদজনক” অবস্থায় রয়েছে। এর আগে, বিদ্যুৎ বিভ্রাটের ঘটনার পর, বিদ্যুৎকেন্দ্রটি আবার ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

জেলেন্সকি তার প্রাত্যহিক সান্ধ্যকালীন বক্তব্যে বলেন, “ রুশদের যে কোন পদক্ষেপ পারমাণবিক চুল্লিগুলোকে বন্ধ করে দিতে পারে, আর এর ফলে কেন্দ্রটিকে বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।”

রাষ্ট্রীয় পারমাণবিক বিদ্যুৎ কোম্পানী, এনেরগোঅ্যাটম এর আগে শুক্রবার জানিয়েছিল যে, বিদ্যুৎকেন্দ্রটির ছয়টি পারমাণবিক চুল্লির মধ্যে একটিকে আবারও ইউক্রেনের গ্রিডের সাথে সংযুক্ত করা হয়েছে। কিয়েভ বলেছে, গোলাবর্ষণের ফলে আগুন লেগে একটি বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলে, কেন্দ্রটির ইতিহাসে বৃহস্পতিবার প্রথমবারের মত চুল্লিটি বৈদ্যুতিক গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

এনেরগোঅ্যাটম এক বিবৃতিতে বলে, “ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি গ্রিডে সংযুক্ত রয়েছে এবং ইউক্রেনের চাহিদা পূরণে বিদ্যুৎ উৎপাদন করছে।”

বিদ্যুৎকেন্দ্রটির চুল্লিগুলোর শীতলীকরণ ব্যবস্থা সচল রাখতে সেখানে বিদ্যুৎ প্রয়োজন হয়। দীর্ঘসময় ধরে বিদ্যুৎ বিভ্রাট চললে তা কেন্দ্রটিকে পারমাণবিক দূর্ঘটনার ঝুঁকিতে ফেলতে পারে।

১৯৮৬ সালে ইউক্রেনের চেরনোবিলে সংঘটিত পারমাণবিক বিপর্যয়ের দুঃসহ স্মৃতি বহনকারী দেশটিতে, ঝাপোরিঝিয়ার এমন বিদ্যুৎবিভ্রাট আরও একটি পারমাণবিক বিপর্যয়ের ভীতিকে বাড়িয়ে তুলেছে।

শুক্রবার কর্তৃপক্ষ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির আশেপাশে বসবাসকারী মানুষদের মাঝে আয়োডিন ট্যাবলেট সরবরাহ করা শুরু করেছে। সাধারণত তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে এমন ব্যবস্থা নেওয়া হয়। বিদ্যুৎকেন্দ্রটির আশেপাশে অব্যাহত লড়াইয়ের ফলে আরও একটি বিপর্যয় সৃষ্টির আশঙ্কা বেড়েই চলেছে।

আয়োডিন ট্যাবলেট থাইরয়েড গ্রন্থিতে তেজস্ক্রিয় আয়োডিনের শোষণ রোধে সাহায্য করে। ঝাপোরিঝিয়া শহরের বাসিন্দাদের মাঝে ট্যাবলেটগুলো বিতরণ করা হয়। এই শহরটি বিদ্যুৎকেন্দ্র থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত।


XS
SM
MD
LG