বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের মর্টারশেল ছোঁড়ার একদিন পর প্রতিবাদ জানিয়েছে ঢাকা। সোমবার (২৯ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিয়াউ মো কে তলব করে প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, “আমরা মিয়ানমারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছি যাতে এ ধরনের ঘটনা না আর ঘটে, সে বিষয়ে বলেছি। রাষ্ট্রদূতকে একটি মৌখিক সারসংক্ষেপ অবহিত করা হয়েছে।”
এর আগে, রবিবার(২৮ আগস্ট) পররাষ্ট্র সচিব বলেছিলেন, “প্রথমত ঘটনাটি তদন্ত করা হবে যে, বাংলাদেশের অভ্যন্তরে এটি নিক্ষেপ দুর্ঘটনাবশত ছিল, না ইচ্ছাকৃত ছিল।”
উল্লেখ্য, রবিবার বিকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকায় মিয়ানমারের দুটি মর্টার শেল এসে পড়লে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।