অ্যাকসেসিবিলিটি লিংক

দুর্নীতি দমন কমিশনের মামলায় হাইকোর্টে জামিন পাননি হলমার্কের জেসমিন

হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম
হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম

ব্যাংক থেকে প্রায় ৮৬ কোটি টাকা আত্মসাতের মামলায়, বাংলাদেশের হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন আবেদন মঙ্গলবার (৩০ আগস্ট) খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ জেসমিনের জামিন আবেদন নাকচ করে দেন।

আদালতে জেসমিন ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী এবং দুর্নীতি দমন কমিশন-দুদকের পক্ষে ছিলেন আইনজীবীখুরশীদ আলম খান।

এর আগে হাইকোর্ট, ২০১৯ সালের ১০ মার্চ রুল অনুমোদন করে এ মামলায় জেসমিন ইসলামকে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। এ জামিনের পর মুক্তি পান জেসমিন ইসলাম। পরে আপিল বিভাগ ২০১৯ সালের ১৫ জুন তার জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সে অনুযায়ী আত্মসমর্পণের পর থেকে জেসমিন ইসলাম কারাগারে রয়েছে।

দীর্ঘদিনেও এ মামলায় দুদক চার্জশীট না দেয়ায়, ফের হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন জেসমিন ইসলাম। আপিল বিভাগ তার জামিন বাতিল করায় হাইকোর্ট জামিন না দিয়ে, তার জামিন আবেদন খারিজ করে তাকে আপিল বিভাগে যেতে বলেন।

২০১৬ সালের ১ নভেম্বর জেসমিনসহ ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় এই মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জয়নাল আবেদিন। ঐ দিন বিকালেই তাকে দুদকের একটি দল রাজধানীর বংশাল থেকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগে বলা হয়, হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম এবং তার স্বামী কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ তাদের প্রতিষ্ঠানের বেতনভুক্ত কর্মচারী মো. জাহাঙ্গীর আলমকে আনোয়ারা স্পিনিং মিলসের মালিক এবং মীর জাকারিয়াকে ম্যাক্স স্পিনিং মিলসের মালিক সাজিয়ে জনতা ব্যাংকের জনতা ভবন করপোরেট শাখায় একটি হিসাব খোলেন।

প্রতিষ্ঠান দুটির মাধ্যমে ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে কোনো মালামাল আমদানি-রপ্তানি না হওয়া সত্ত্বেও, ভুয়া কাগজপত্র তৈরি করে সোনালী ব্যাংক থেকে ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা তুলে আত্মসাতের অভিযোগ করা হয় মামলায়।

XS
SM
MD
LG