অ্যাকসেসিবিলিটি লিংক

খাবার উৎপাদনে ছাত্রলীগকে আরও কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশ্বের বর্তমান খাদ্য সংকট পরিস্থিতি ভবিষ্যতে আরও ভয়াবহ হতে পারে সতর্ক করে বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে দেশে খাবার উৎপাদনে আরও বেশি কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, "প্রয়োজনে আমাদের ছাত্রলীগ কৃষকদের ধানের চারা রোপণে সহায়তা কবে, যেভাবে তারা কোভিড-১৯ সময়কালে (ফসল) কাটায় সাহায্য করেছে।"

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, "প্রত্যেক ছাত্রলীগ কর্মীকে নিজ নিজ গ্রামের বাড়ি এবং থাকার জায়গায় এটি হোস্টেল বা শিক্ষাপ্রতিষ্ঠান হতে পারে, সেখানে ব্যাপকভাবে খাদ্য উৎপাদন বাড়াতে হবে।"

তিনি বলেন, এটি প্রয়োজন কারণ বিশ্ব একটি ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হতে পারে এবং অর্থ থাকা সত্ত্বেও খাবার কেনা যাবে না। তাই আমাদের নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে হবে।

বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যে প্রধানমন্ত্রী ছাত্রলীগ কর্মীদের বিদ্যুৎ, পানি ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।

ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় প্রমুখ বক্তব্য দেন।

XS
SM
MD
LG