অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ একটি আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ উদ্বোধনকালে শেখ হাসিনা। রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২।
‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ উদ্বোধনকালে শেখ হাসিনা। রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (৪ সেপ্টেম্বর) বলেছেন, তার সরকার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলছে। তিনি বলেন, “আমরা আধুনিক এক পরিবহন ব্যবস্থা গড়ে তুলছি।”

খুলনা ও বরিশাল বিভাগের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনকারী পিরোজপুরের বেকুটিয়ায় কঁচা নদীর ওপর এক হাজার ৪৯৩ মিটার দীর্ঘ ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

শেখ হাসিনা বলেন, “দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা তার সরকারের দায়িত্ব। আমরা ইতোমধ্যেই আমাদের আর্থ-সামাজিক উন্নয়ন যাত্রায় অনেক দূর এগিয়েছি। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমি মনে করি আমরা আরও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হব।”

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা না থাকায় দক্ষিণাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল। এ অঞ্চলের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বেশ কয়েকটি খরস্রোতা নদী পাড়ি দিয়ে জীবিকার জন্য ঢাকায় আসত। এখন পদ্মা বহুমুখী সেতু, শিকারপুর-দোয়ারিকা সেতু ও গাবখান সেতুসহ অনেক সেতু নির্মাণ করায় ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজতর হয়েছে।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সঙ্কটের মধ্যে খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য সকলের প্রতি আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “এক ইঞ্চি পরিমাণ জমিও যেন অনাবাদি না থাকে।”

এই কঠিন সময়ে বিদ্যুৎ, পানি ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

This item is part of
XS
SM
MD
LG