অ্যাকসেসিবিলিটি লিংক

এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত কর্মসূচি প্রকাশ করেছে ব্রিটেন

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের কফিন বহনকারী গাড়িটি স্কটল্যান্ডের বালমোরালের কাছের ব্যালেটার গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময়ে রাস্তার পাশে সমবেত মানুষ, ১১ সেপ্টেম্বর ২০২২।
ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের কফিন বহনকারী গাড়িটি স্কটল্যান্ডের বালমোরালের কাছের ব্যালেটার গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময়ে রাস্তার পাশে সমবেত মানুষ, ১১ সেপ্টেম্বর ২০২২।

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে অনুষ্ঠিত হবে।

রবিবার সকালে রাণীর মরদেহ নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করা হয়। তার কফিনটি একটি শবদেহ বহনকারী গাড়িতে করে বালমোরাল থেকে ২৮০ কিলোমিটার দূরে এডিনবারা-তে নিয়ে যাওয়া হয়। রাণী বৃহস্পতিবার বালমোরালে মারা যান।

আনুমানিক ছয় ঘন্টার এই সফরে গাড়িবহরটি অ্যাবারডিন, ডান্ডি ও পার্থ শহরের মধ্য দিয়ে যায়।

স্কটল্যান্ডের রাজধানী এডিনবারায়, তার শবদেহটি হোলিরুডহাউজ রাজপ্রাসাদে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়। সেখানে মানুষ রাণীর প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।

সোমবার দুপুরে রাণীর কফিনটি এক শোভাযাত্রার মাধ্যমে সেইন্ট জাইলস-এর ক্যাথিড্রালে নিয়ে যাওয়া হবে। সেখানেও মানুষজন শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।

মঙ্গলবার কফিনটি সেইন্ট জাইলস ক্যাথিড্রাল থেকে এডিনবারা বিমানবন্দরে নিয়ে যাওয়ার সময়ে, রাণীর একমাত্র কন্যা প্রিন্সেস অ্যান সেটির সাথে সফর করবেন। বিমানবন্দর থেকে রয়েল এয়ারফোর্সের একটি বিমানে করে কফিনটি লন্ডনের বাকিংহাম রাজপ্রাসাদের উদ্দেশ্যে অন্তিমযাত্রা করবে।

বুধবার এলিজাবেথের শবদেহটি বাকিংহাম রাজপ্রাসাদ থেকে এক জনশোভাযাত্রার মাধ্যমে ওয়েস্টমিনস্টার হল-এ নিয়ে যাওয়া হবে। কিংস ট্রুপ রয়েল হর্স আর্টিলারির এক কামানবাহী গাড়িতে সেটিকে বহন করা হবে। সে সময়ে সেটির সাথে একটি সামরিক প্যারেড ও রাজপরিবারের সদস্যরা থাকবেন।

ওয়েস্টমিনস্টার হলে রাণীর কফিনটিকে একটি মঞ্চে রাখা হবে, যার উপরে থাকবে রাজমুকুট, রাজগোলক ও রাজদণ্ড।

রাজা চার্লস সহ রাজপরিবারের অন্যান্য সদস্যরা, ক্যানটারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি পরিচালিত এক সংক্ষিপ্ত আয়োজনে অংশ নেবেন । এরপর হলটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

বৃহস্পতিবার আরম্ভ হয়ে পূর্ণ চারদিন রাণীর শবদেহটি ওয়েস্টমিনস্টার হলে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হবে। তার অন্ত্যেষ্টিক্রিয়ার সকাল পর্যন্ত কফিনটি সেখানেই থাকবে।

১৯ সেপ্টেম্বর রাণীর কফিনটি এক শোভাযাত্রার মাধ্যমে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে নিয়ে যাওয়া হবে। ব্রিটিশ রাজপরিবার ও ব্রিটেনের সরকারের সদস্যরা ছাড়াও, সারা বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিবর্গ রাণীর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন।

অন্ত্যেষ্টিক্রিয়ার পর তার কফিনটি এক শোভাযাত্রার মাধ্যমে উইন্ডসর-এ নিয়ে যাওয়া হবে।

সেখানে সমাহিত করার আগে উইন্ডসর চ্যাপেল-এ একটি সমাধিপূর্ব ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে।

This item is part of
XS
SM
MD
LG