অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে দুইবছর সাজা ভোগ শেষে বাংলাদেশে ফিরলেন সাত নারী

দুই বছর সাজা ভোগ শেষে ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন সাত নারী। সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট-এ, বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসা নারীরা হলেন; তুলি বিবি (২৪), রাবেয়া বেগম (২৭), মুন্নি খাতুন (১৭), কোহিনুর বেগম (৩৬), রিতা বেগম (২১), জারা আক্তার (২২) ও চম্পা বেগম (২৭)। এরা খুলনা, মাগুরা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বেনাপোলের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান,“স্বদেশে ফেরত আসা এই সাত বাংলাদেশি নারী দুই বছর আগে ভারতে যান। ভারতের মহারাষ্ট্রের পুনে এলাকায় বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। ভারতের আদালত তাদের দুই বছরের সাজা দেয়। সেখান থেকে রেসকিউ ফাউন্ডেশন নামে একটি শেল্টার হোম তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘রিপেট্রিয়েশন’ এর মাধ্যমে তাদের আজ ফেরত আনা হয়।”

ওসি আরও জানান, “ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে সাত নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। থানায় আইনি প্রক্রিয়া শেষে যশোর জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার এবিএম মুহিত হোসেনের কাছে তাদের হস্তান্তর করা হয়। পরে তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে।”

XS
SM
MD
LG