বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত আর নেই। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) লন্ডনে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তার ছেলে রাজীব হাসনাত বাবার মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, বার্ধক্যজনিত জটিলতায় শুক্রবার ভোর ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবুল হাসনাত।
মৃত্যুকালে তিনি তার স্ত্রী নাসরিন বেগম, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আবুল হাসনাত বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী। তিনি ২০১৯ সালে যুক্তরাজ্যে গিয়েছিলেন। করোনা মহামারীর কারণে আর দেশে ফিরতে পারেননি।
আবুল হাসনাত ১৯৭৭-৮২ মেয়াদে ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি আবারও মেয়র নির্বাচিত হন। তিনি বিএনপির স্থায়ী কমিটির প্রতিষ্ঠাতা সদস্য।
রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার ও হুসেইন মুহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে জাতীয় পার্টিতে যোগ দেন এবং দলের প্রার্থী হিসেবে উপ-নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালে এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর, আবার বিএনপিতে যোগ দেন ব্যারিস্টার আবুল হাসনাত।