অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ৩ অক্টোবর থেকে করোনা টিকার প্রথম ডোজ বন্ধ হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

ঢাকায় আয়োজিত এক কর্মশালায় বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২।
ঢাকায় আয়োজিত এক কর্মশালায় বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২।

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশে করোনা টিকার প্রথম ডোজ বন্ধ হতে পারে। এই সময়ের মধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজে বাদ পরা মানুষদের টিকা নিতে হবে।”

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। জাহিদ মালেক বলেন ,“এখনও প্রথম ডোজের টিকা নেয়নি প্রায় ৩৩ লাখ মানুষ। আর, দ্বিতীয় ডোজ টিকা নেয়নি এমন মানুষের সংখ্যা ৯৪ লাখের মতো।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অক্টোবরের পর হয়তো আমাদের কাছে প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য টিকা থাকবে না। যেগুলো থাকবে, সেগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে। যারা এখনও প্রথম, দ্বিতীয় ও বুস্টার নেননি, তারা দ্রুত নিয়ে নিন। অক্টোবরের পরে থেকে টিকা নাও পেতে পারেন।”

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “টিকা কার্যক্রমে আড়াই লাখ লোক কাজ করছে, এর মধ্যে ভ্যাকসিনেটর রয়েছেন ৬০ হাজার। আমরা এখন পর্যন্ত ৩০ কোটি ডোজ টিকা দিয়েছি।”

শিশুদের টিকাদান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “১০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। আমাদের এখনও দুই কোটি ২৫ লাখ শিশুকে টিকা দিতে হবে। তার মানে চার কোটির বেশি ভ্যাকসিন এখনও প্রয়োজন। আমরা মাত্র শুরু করেছি। শিশুদের টিকা কার্যক্রম আরও অনেক বাকি আছে।”

This item is part of
XS
SM
MD
LG