ইউক্রেনের পরমাণু বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী সংস্থা সোমবার জানায় যে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
এক বিবৃতিতে এনেরগোঅ্যাটম জানায়, পিভডেন্নুকরাইনস্ক পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মিটার দূরে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে, তবে পারমাণবিক চুল্লিগুলির কোন ক্ষয়ক্ষতি হয়নি।
এনেরগোঅ্যাটম জানায় যে, হামলায় নিকটবর্তী ভবনগুলোর ক্ষতি হয়েছে।
এই ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, “রাশিয়া পুরো বিশ্বকে বিপন্ন করছে। বেশি দেরী হয়ে যাওয়ার আগেই আমাদেরকে এটি থামাতে হবে।”
পিভডেন্নুকরাইনস্ক বিদ্যুৎকেন্দ্রটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র। ঝাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র, যেটি কিনা বৃহত্তম, সেটি সেপ্টেম্বরের শুরু থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া্র আগে সেখানেও গোলাবর্ষণের ঘটনা ঘটেছিল, যার জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দায়ী করে।
এদিকে, রবিবার রাতে সম্প্রচারিত সিবিএস নিউজের এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন যে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সাহায্যসহ “ইউক্রেনের মানুষের অবিশ্বাস্য সাহসিকতা ও অবিশ্বাস্য সংকল্পের” কারণে ইউক্রেন যুদ্ধটিতে পরাজিত হচ্ছে না।
বাইডেন বলেন, যুদ্ধে জয় বলতে বোঝায় রাশিয়াকে “ইউক্রেন থেকে সম্পূর্ণরূপে বের করে দেওয়া” এবং ইউক্রেনের সার্বভৌমত্ব স্বীকার করা।
ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক ও মানবিক সহায়তার বিষয়ে প্রশ্ন করা হলে বাইডেন বলেন, যু্ক্তরাষ্ট্র “যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত” ইউক্রেনকে সহায়তা দেওয়া অব্যাহত রাখবে।