এই অঞ্চলের সম্ভাব্য অস্থিতিশীলতার বিষয়ে, ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের কাছে বাংলাদেশ তার উদ্বেগ জানিয়েছে। মিয়ানমারের সঙ্গে সীমান্তবর্তী এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তাদের ব্রিফ করা হয়েছে। শান্তি বজায় রেখে মিয়ানমারের ফাঁদে পা না দেওয়ায়, বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেছেন কূটনীতিকরা।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিং শেষে, সাংবাদিকদের এ কথা বলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব,অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মো. খোরশেদ আলম।
কূটনীতিকরা বাংলাদেশের উদ্বেগ তাদের দেশকে জানানোর আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
বাংলাদেশে মর্টার শেল নিক্ষেপের জন্য মিয়ানমার আরাকান আর্মি ও এআরএসএ-কে দায়ী করছে, এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, “মিয়ানমার সব সময় একই দাবি করে আসছে।” তিনি বলেন, “আমরা তাদের (কূটনীতিকদের) সাহায্য চেয়েছিলাম যাতে মিয়ানমার এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ নিতে না পারে।”
এর আগে, সোমবার (১৯ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মোঃ খোরশেদ আলম দক্ষিণ-পূর্ব এশীয় দেশের মিশন প্রধানদের ব্রিফ করেন এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
মিয়ানমারের প্রতিনিধিত্বকারী কোনো কূটনীতিক ঐ ব্রিফিংয়ে ছিলেন না। তবে, ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনামের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।