অ্যাকসেসিবিলিটি লিংক

অর্থায়ন ত্বরান্বিত করতে বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ

জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার
জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার

বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রকল্পে দ্রুত অর্থায়নের জন্য বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন।

জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ঢাকা সফররত দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসারের সঙ্গে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে এক দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় তিনি বিশ্বব্যংকের প্রতি এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে উল্লেখ করা হয় যে গ্যাস মিটার স্থাপনের জন্য বিশ্বব্যাংক দুটি প্রকল্প অনুমোদন করেছে; যার বাস্তবায়ন শুরু হবে ২০২৩ সালের জানুয়ারি থেকে। বিশ্বব্যাংকের অর্থায়নে বিদ্যুৎ খাতে ছয়টি প্রকল্প রয়েছে।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাংলাদেশর অর্জন, প্রত্যাশা ও চ্যালেঞ্জের ওপর আলোকপাত করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন,“বৈদ্যুতিক গাড়ি ও হাইড্রোজেন ভবিষ্যতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক অবদান রাখবে।হাইড্রোজেন এনার্জি এবং বৈদ্যুতিক যানবাহন খাতে সংশ্লিষ্টদের উৎসাহিত করতে বিশ্বব্যাংক একটি নীতিমালা প্রণয়নে বড় ভূমিকা পালন করতে পারে।”

জ্বালানি প্রতিমন্ত্রী বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট-কে আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠানে পরিণত করতে বিশ্বব্যাংকের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “বায়ু শক্তি, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা মোকাবেলায় বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করা প্রয়োজন।”

বিবৃতিতে বলা হয়, বৈঠকে নবায়নযোগ্য শক্তি, ক্যাপটিভ পাওয়ার, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক শক্তি সংকট, সৌর সেচ পাম্প, লিথিয়াম ব্যাটারি, জলবিদ্যুৎ, আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য, নেট মিটারিং ও ছাদে সৌরবিদ্যুৎ, সবুজ বিল্ডিং, বিদ্যুৎ ও শক্তির দক্ষ ও সাশ্রয়ী ব্যবহার, জ্বালানি, তেল শোধনাগার ও ভূমিভিত্তিক এলএনজি টার্মিনাল নিয়ে আলোচনা হয়েছে।

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে কাজ করে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে মনোযোগ খুবই আশাব্যঞ্জক। নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন এবং সম্ভাব্য বিনিয়োগের নতুন ক্ষেত্র অনুসন্ধানে বাংলাদেশকে বিশ্বব্যাংক গুরুত্ব দিচ্ছে।”

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার, দক্ষতার উন্নতি, নবায়নযোগ্য জ্বালানি এবং ক্রস বর্ডার পাওয়ার ট্রেড সংক্রান্ত বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

XS
SM
MD
LG