অ্যাকসেসিবিলিটি লিংক

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ভিন্নমতকে চূর্ণ করে ক্ষমতার ওপর দখল বজায় রেখেছেন: জাতিসংঘ

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কারাকাসের মিরাফ্লোরেস প্রেসিডেনশিয়াল প্যালেসে একটি সংবাদ সম্মেলনের সময় কথা বলছেন। ১৬ আগস্ট, ২০২১। ফাইল ছবি।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কারাকাসের মিরাফ্লোরেস প্রেসিডেনশিয়াল প্যালেসে একটি সংবাদ সম্মেলনের সময় কথা বলছেন। ১৬ আগস্ট, ২০২১। ফাইল ছবি।

জাতিসংঘের তদন্তকারীরা নিকোলাস মাদুরোর ভেনিজুয়েলা সরকারকে ভিন্নমত দমন এবং ক্ষমতার দখল বজায় রাখার লক্ষ্যে ইচ্ছাকৃত ভাবে দমন নীতি কার্যকর করার জন্য অভিযুক্ত করেছেন।

সরকার ভেনিজুয়েলায় ৩ সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনকে দেশে প্রবেশে বাধা দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, তাদের তদন্ত এবং বিশ্লেষণে দেখা যায় যে, সরকার দেশে ভিন্নমত দমন করতে ডিজিসিআইএম (দ্য ডিরেক্টরেট জেনারেল অফ মিলিটারি কাউন্টার ইন্টেলিজেন্স) নামে পরিচিত তাদের সামরিক গোয়েন্দা পরিষেবার ওপর নির্ভর করে। তারা বলছেন, গুরুতর অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে ভিন্নমত দমন করা হয় যা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

প্রতিবেদনে নির্যাতন, যৌন সহিংসতা এবং অন্যান্য নিষ্ঠুর বা অমানবিক আচরণের শিকার হওয়া ১২২টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। তারা বলেছে এই অপরাধগুলো রাজধানী কারাকাসে অবস্থিত গোয়েন্দা সদর দপ্তর এবং সারা দেশে থাকা গোপন আটক কেন্দ্রগুলোর নেটওয়ার্কে সংঘটিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এরূপ লঙ্ঘন আজ অবধি অব্যাহত রয়েছে এবং এগুলো প্রায় সম্পূর্ণ দায়মুক্তির পরিবেশে ঘটে থাকে। তারা বলেছে, মুষ্টিমেয় যেসকল গোয়েন্দা কর্মকর্তাকে এসকল কার্যক্রমের জন্য দোষীসাব্যস্ত করা হয়েছে তারা সকলেই নিম্নপদস্থ।

ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সদস্য ফ্রান্সিসকো কক্স বলেছেন, অপরাধীদের বিচার হবে বা ক্ষতিগ্রস্তরা সুবিচার পাবে - এমন কোনো উপায়ে ভেনিজুয়েলা কর্তৃপক্ষ তাদের জবাবদিহি করার কোনো চেষ্টা করেনি।

বিশেষজ্ঞরা বলছেন, তারা ভেনিজুয়েলা কর্তৃপক্ষের কাছে ২৩টি চিঠি পাঠিয়েছেন। চিঠিগুলোতে কর্তৃপক্ষকে তাদের সাথে সাক্ষাৎ করার, তথ্য নেয়ার এবং তাদের অভিযোগের জবাব দেয়ার সুযোগ দেয়ার আহ্বান করা হয়েছে। তারা বলছেন, তারা এর কোনো সাড়া পাননি।

ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদন আগামী সপ্তাহে মানবাধিকার কাউন্সিলে জমা দেয়া হবে।

XS
SM
MD
LG