অ্যাকসেসিবিলিটি লিংক

বেলারুশের দমনমূলক পরিবেশে নাগরিক ও রাজনৈতিক অধিকার রুদ্ধ: জাতিসংঘ

বেলারুশের গোমেল-এ অবস্থিত এক আটককেন্দ্রে, এক বিরোধীদলীয় কর্মীকে দাঙ্গা সংগঠন ও সামাজিক বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগে হওয়া মামলার বিচারের জন্য অভিযুক্ত ব্যক্তির জন্য নির্দিষ্ট খাঁচার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ১৪ ডিসেম্বর ২০২১। (ফাইল ফটো)
বেলারুশের গোমেল-এ অবস্থিত এক আটককেন্দ্রে, এক বিরোধীদলীয় কর্মীকে দাঙ্গা সংগঠন ও সামাজিক বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগে হওয়া মামলার বিচারের জন্য অভিযুক্ত ব্যক্তির জন্য নির্দিষ্ট খাঁচার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ১৪ ডিসেম্বর ২০২১। (ফাইল ফটো)

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, বেলারুশে মানবাধিকার পরিস্থিতির গুরুতর অবনতি হয়েছে। সেখানে সরকার দেশটির জনগণের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করছে এবং তাদের নাগরিক ও রাজনৈতিক অধিকার হরণ করেছে।

জাতিসংঘ মানবাধিকার পরিষদে দাখিল করা প্রতিবেদনে বলা হয়, বেলারুশে আলেকজান্ডার লুকাশেঙ্কো ষষ্ঠবারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দুই বছর পরও দেশটিতে একটি দমনমূলক পরিবেশ অব্যাহত রয়েছে। ঐ নির্বাচনে জালিয়াতি হয়েছিল বলে দেশটির বিরোধীদল মনে করে। নির্বাচনের ফলাফলের কারণে সৃষ্ট ক্ষোভ থেকে সেসময়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সেই ক্ষোভ এখনও প্রশমিত হয়নি।

মার্চ মাসে মানবাধিকার দপ্তর বেলারুশ সম্পর্কিত তথ্য হালনাগাদ করে। এরপর, মানবাধিকার বিষয়ক ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদা আল-নাশিফ বলেছেন যে, বেলারুশে সুশীল সমাজের ওপর ব্যাপক দমন চালানো হয়েছে। তিনি বলেন, গণমাধ্যম, রাজনৈতিক প্রতিপক্ষ, ট্রেড ইউনিয়ন ও অন্য ধারণাকৃত ভিন্নমতাবলম্বীদের, তাদের গণতান্ত্রিক ও মানবাধিকার চর্চায় বাধা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানে ১,৩০০ জনেরও বেশি মানুষকে রাজনৈতিক বন্দি হিসেবে আটক রাখা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারসহ নিজেদের মানবাধিকার চর্চার কারণে, মানুষজনকে কারাগারে প্রেরণ ও নির্যাতন করা অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।

আল-নাশিফ বেলারুশের ফৌজদারি বিধি সংশোধনের বিষয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ঐ সংশোধনীতে তথাকথিত সন্ত্রাসবাদী কর্মকাণ্ড, সরকারি কর্মকর্তা বা সুপরিচিত ব্যক্তিদের খুনের চেষ্টার জন্য শাস্তির পরিধি মৃত্যুদণ্ড পর্যন্ত প্রসারিত করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, ইতোমধ্যেই কয়েক ডজন রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে ঐ ধরণের অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এর প্রতিক্রিয়ায়, জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বেলারুশের রাষ্ট্রদূত, লারিসা বেলসকায়া বলেন যে, প্রতিবেদনটি বাস্তবতাবর্জিত এবং এতে ইচ্ছাকৃতভাবে তার দেশের পরিস্থিতিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।



XS
SM
MD
LG