অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের জন্য আরও ১১০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিল পেন্টাগন

লাটভিয়ার রিগায় অবস্থিত স্পিলভ বিমানবন্দরে সামরিক মহড়া চলাকালীন একটি হাই-মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হাইমার্স) ব্যবহার করা হচ্ছে, ২৬ সেপ্টেম্বর ২০২২।
লাটভিয়ার রিগায় অবস্থিত স্পিলভ বিমানবন্দরে সামরিক মহড়া চলাকালীন একটি হাই-মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হাইমার্স) ব্যবহার করা হচ্ছে, ২৬ সেপ্টেম্বর ২০২২।

পেন্টাগন ইউক্রেনের জন্য আরও অতিরিক্ত ১১০ কোটি ডলারের সহায়তা প্রদান করছে। এর ফলে বাইডেন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া মোট সামরিক সহায়তার পরিমাণ ১,৭০০ কোটি ডলারে পৌঁছাল।

সর্বসাম্প্রতিক এই প্যাকেজের মধ্যে আরও ১৮টি হাই-মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস বা হাইমার্স এবং সেগুলোর গোলাবারুদ-এর জন্য অর্থায়ন রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন এই অস্ত্রগুলো রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের নিজেদের ভূখণ্ড রক্ষার চেষ্টায় অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। রাশিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ আরম্ভ করে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইউক্রেনকে ১৬টি হাইমার্স দিয়েছে। এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা বুধবার সাংবাদিকদের বলেন যে, বাইডেন প্রশাসন পরবর্তী ১৮টি হাইমার্স সংগ্রহের প্রক্রিয়া আরম্ভ করছে কারণ সেগুলো সংগ্রহ, তৈরি ও সরবরাহ করতে “কয়েক বছর” সময় লাগবে।

সর্বসাম্প্রতিক এই প্যাকেজটি ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্টেন্স ইনিশিয়েটিভ (ইউক্রেন নিরাপত্তা সহায়তা উদ্যোগ) এর আওতায় অস্ত্র ও সরঞ্জামাদি সংগ্রহের জন্য তহবিল প্রদান করবে। উদ্যোগটি ইউক্রেনের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ও নিরাপত্তা চাহিদা মেটানোর লক্ষ্যে করা চুক্তিগুলোকে অর্থায়ন করার উদ্দেশ্যে তৈরি।

১১০ কোটি ডলারের প্যাকেজটিতে থাকা অন্যান্য অস্ত্র ও সরঞ্জামগুলো সরবরাহ করতে দুইমাস থেকে দুইবছর পর্যন্ত সময় লাগবে বলে, ঐ ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা জানান। এমন সরঞ্জামের মধ্যে রয়েছে, ইউক্রেনের সৈন্যদের বিরুদ্ধে রাশিয়ার ব্যবহৃত ড্রোনগুলো মোকাবেলা করতে সক্ষম ব্যবস্থা, ২২টি র‌্যাডার, প্রায় ১৫০টি হামভি গাড়ি, অস্ত্র টেনে নেওয়ার জন্য প্রায় ১৫০টি কৌশলগত গাড়ি, ডজনকয়েক ট্রাক ও ট্রেইলার, বডি আর্মার, এবং যোগাযোগ, নজরদারি, ও বিস্ফোরক নিষ্ক্রিয়করণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি। প্যাকেজটিতে রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণও অন্তর্ভুক্ত রয়েছে।

XS
SM
MD
LG