অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুলের শ্রেণিকক্ষে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫;“গণহত্যার” প্রতিবাদ জানাচ্ছেন নারীরা

আফগানিস্তানের কাবুলে একটি শিক্ষাকেন্দ্রে প্রাণঘাতী বোমা হামলার একদিন পর “হাজারা গণহত্যা বন্ধ করুন” নামে একটি প্রতিবাদ কর্মসূচিতে নারীরা প্ল্যাকার্ড বহন করে এবং স্লোগান দেয়। ১ অক্টোবর, ২০২২।
আফগানিস্তানের কাবুলে একটি শিক্ষাকেন্দ্রে প্রাণঘাতী বোমা হামলার একদিন পর “হাজারা গণহত্যা বন্ধ করুন” নামে একটি প্রতিবাদ কর্মসূচিতে নারীরা প্ল্যাকার্ড বহন করে এবং স্লোগান দেয়। ১ অক্টোবর, ২০২২।

জাতিসংঘ শনিবার বলেছে, কাবুলের একটি শ্রেণিকক্ষে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে পৌঁছেছে। এদিকে এই হামলার পর শোকে মুহ্যমান শিয়া হাজারা নারীরা তাদের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে পরিচালিত “গণহত্যার” প্রতিবাদে বিক্ষোভ করেছে।

শুক্রবার এক আত্মঘাতী হামলাকারী কাবুলের একটি শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণ ঘটায়। সেসময় শত শত শিক্ষার্থী শহরের দাশত-ই-বারচি এলাকার এই শিক্ষাকেন্দ্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষা দিচ্ছিল।

শহরের পশ্চিম পাশের এই শহরতলী একটি শিয়া মুসলিম অধ্যুষিত ছিটমহল। এটি সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের আবাসস্থল। হাজারা সম্প্রদায় ঐতিহাসিকভাবে নিপীড়িত একটি গোষ্ঠী যা সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের সবচেয়ে নৃশংস হামলার লক্ষ্যে পরিণত হয়েছে।

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) এক বিবৃতিতে বলেছে “সর্বসাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন এবং আরও ৮২ জন আহত হয়েছেন।”

এতে বলা হয়, নিহতদের মধ্যে ২০ জনের বেশি বালিকা ও নারী।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রকের একজন কর্মকর্তা শনিবার এএফপিকে জানিয়েছেন, কাজ উচ্চশিক্ষা কেন্দ্রে পরিচালিত হামলায় ২৫ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে। এর আগে, জানানো হয়েছিল যে, এ ঘটনায় ২০ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

গত আগস্টে ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালিবানের জন্য নিরাপত্তা একটি স্পর্শকাতর বিষয় হয়ে উঠেছে। আর, কট্টরপন্থী গোষ্ঠীটি প্রায়ই তাদের শাসনব্যবস্থাকে চ্যালেঞ্জ করে এমন হামলার ব্যাপারকে খাটো করে দেখতে আগ্রহী।

এদিকে, শনিবার তালিবানের নিষেধাজ্ঞা উপেক্ষা করে, কয়েক ডজন হাজারা নারী তাদের সম্প্রদায়ের সর্বশেষ রক্তপাতের প্রতিবাদে আয়োজিত সমাবেশে যোগ দেন।

বিক্ষোভকারীদের মধ্যে একজন ১৯ বছর বয়সী ফারজানা আহমাদি। তিনি এএফপিকে বলেন, “গতকালের হামলা ছিল হাজারা সম্প্রদায় এবং হাজারা নারীদের বিরুদ্ধে।”

তিনি বলেন, “আমরা এই গণহত্যা বন্ধের দাবি জানাই। আমরা আমাদের অধিকারের দাবিতে এই বিক্ষোভ করেছি।”


This item is part of
XS
SM
MD
LG