বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী ও শিক্ষাবিদ সমরজিৎ রায় চৌধুরী রবিবার (৯ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানী ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। পরিবারের সদস্যরা জানিয়েছেন, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন।
সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, “শ্রদ্ধেয় এই শিল্পী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন।”
ছেলে সুরজিৎ রায় চৌধুরী জানান, ৫ সেপ্টেম্বর কুশে পদকপ্রাপ্ত এই শিল্পীকে হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ চিকিৎসার পর ১২ সেপ্টেম্বর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। নতুন করে স্বাস্থ্য জটিলতা দেখা দিলে, ১৫ সেপ্টেম্বর তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।
শ্রদ্ধা জানানোর জন্য, সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শিল্পীর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নেওয়া হবে।
১৯৩৭ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন সমরজিৎ রায় চৌধুরী। ১৯৬০ সালে তিনি সরকারি আর্ট কলেজ (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে গ্রাফিক ডিজাইনে স্নাতক হন। ১৯৬০ সালেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার শিক্ষক হিসেবে যোগ দেন। ৪৩ বছর অধ্যাপনা করার পর, ২০০৩ সালে অবসর নেন। তিনি ২০১৪ সাল থেকে সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন।
শিল্প ক্ষেত্রে অবদানের জন্য ২০১৪ সালে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, একুশে পদক লাভ করেন।