অ্যাকসেসিবিলিটি লিংক

খাদ্য নিরাপত্তা এখন সবচেয়ে আলোচিত বিষয়: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতি এবং চলমান ইউক্রেন- রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “খাদ্য নিরাপত্তা এখন সবচেয়ে আলোচিত বিষয়।”

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে বাংলাদেশ সচিবালয়ে, তার অফিস থেকে ভার্চুয়াল প্লাটফরমে যুক্ত হন তিউনিসে চলমান ইসলামিক অর্গানাইজেশন অফ ফুড সিকিউরিটি (আইওএফএস)’র পঞ্চম সাধারণ সম্মেলনে। শেষ দিনের কান্ট্রি ডিবেটে এ কথা বলেন সাধন চন্দ্র মজুমদার ।

বাংলাদেশের খাদ্যমন্ত্রী বলেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ভবিষ্যৎ কৌশল প্রণয়নের ওপর অধিক গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।”

সাধন চন্দ্র মজুমদার বলেন, “পৃথিবী এখন ইতিহাসের এক চরম সংকটকাল অতিক্রম করছে। কোভিড-১৯ মহামারী ও ইউক্রেন- রাশিয়া যুদ্ধের কারণে সংকট বেড়েছে। খাদ্য নিরাপত্তা এখন সবচেয়ে আলোচিত বিষয়। বাংলাদেশ সরকার মহামারীকালে সফলভাবে খাদ্য সংকট মোকাবেলা করেছে। বর্তমানের সংকট মোকাবেলায়ও সফল হবে বাংলাদেশ।”

এসময় আইওএফএস’র সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে টেকসই খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান সাধন চন্দ্র মজুমদার।

বাংলাদেশের খাদ্যমন্ত্রী, কৃষি ও খাদ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় আইওএফএস’র সদস্যদেশগুলোর মধ্যে আরও বেশি বিনিয়োগ, গবেষণা ও উদ্ভাবন বাড়ানোর আহ্বান জানান।

আইওএফএস’র চেয়ারম্যান এছাড়াও, কান্ট্রি ডিবেটে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, তাজিকিস্তান ও কাজাখস্তানের পক্ষ থেকে দেশগুলোর সংশ্লিষ্ট মন্ত্রীরা বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে ওআইসি, আইওএফএসভূক্ত সদস্য দেশ ও পর্যবেক্ষক দেশের সংশ্লিষ্ট মন্ত্রী, সহযোগী সংস্থার প্রতিনিধি, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধিরা ভার্চুয়াল প্লাটফরমে অংশ নেন।

XS
SM
MD
LG